দিল্লিতে মণিপুরি গায়ককে পিটিয়ে খুন, ‘নিরাপত্তা কোথায়?’ প্রশ্ন রাহুলের

দেশের রাজধানী দিল্লিতে নিজের বাড়ির সামনেই আক্রান্ত হয়ে প্রাণ গেল এক মণিপুরি গায়কের। অভিযোগ, বাড়ির বাইরে মদ্যপ অবস্থায় কয়েকজনের চেঁচামেচিতে বাধা দিতে গিয়েছিলেন ৫৪ বছর বয়সি সি বিক্রম সিং। এরপরই তাঁর উপর চড়াও হয়ে ব্যাপক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

ঘটনাটি ঘটেছে দিল্লির কিলোকারি ভিলেজ এলাকায়। দীর্ঘদিন ধরে সেখানেই বসবাস করতেন মণিপুরের জনপ্রিয় গায়ক বিক্রম। জাতিতে তিনি মেতেই। সোমবার গভীর রাতে তাঁর বাড়ির সামনে একদল ডেলিভারি কর্মী ও ধাবার কর্মী জড়ো হন বলে জানা গিয়েছে। অভিযোগ, মদ্যপ অবস্থায় তাঁরা দীর্ঘক্ষণ ধরে চেঁচামেচি করছিলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়ি থেকে বেরিয়ে তাঁদের শান্ত হতে বলেন বিক্রম। অভিযোগ, তাতেই ক্ষিপ্ত হয়ে তাঁর উপর হামলা চালায় ওই দলটি। চড়, ঘুসি-সহ এলোপাথাড়ি মারধর করা হয় তাঁকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঘটনাস্থলে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে বিক্রমের ছেলে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। মৃত্যু হয় মণিপুরি গায়কের।

ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই আটজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ধৃতদের মধ্যে এক নাবালকও রয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অভিযুক্তরা দিল্লির বিভিন্ন এলাকার ধাবা ও খাবারের দোকানে কাজ করতেন। কী কারণে হামলা এবং খুনের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

বিক্রমের মৃত্যুর ঘটনায় দিল্লিতে বসবাসকারী উত্তর-পূর্ব ভারতের মানুষদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে তিনি ঘটনার নিন্দা করে উত্তর-পূর্বের মানুষের নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

রাহুলের বক্তব্য, দিল্লিতে উত্তর-পূর্বের মানুষের বিরুদ্ধে একের পর এক অপরাধের অভিযোগ সামনে আসছে। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেই প্রশ্নই এখন উঠছে। বিক্রমের মৃত্যুর ঘটনায় দ্রুত ও সঠিক তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কংগ্রেস নেতা।

আরও পড়ুন,
১৪ বছর ধরে নিঃসন্তান বৃদ্ধ দম্পতির সেবা, উইলে মিলেছিল সম্পত্তি! পালিত পুত্রের আত্মঘাতীতে চাঞ্চল্য

ঘটনার তীব্র নিন্দা করেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ইস্ট স্টুডেন্টস সোসাইটিও। রাজধানীর বুকে মণিপুরি গায়কের এমন মৃত্যু ফের উত্তর-পূর্ব ভারতের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক