বিয়ের আনুষ্ঠানিকতা এখনও বাকি। সবেমাত্র হয়েছে আংটি বদল। তার মধ্যেই দেবাংশু ভট্টাচার্যের বাড়িতে হাজির কার্তিক ঠাকুর! শুধু হাজির হওয়াই নয়, সঙ্গে নিয়ে এসেছে রীতিমতো লম্বা খাবারের তালিকা। সেই তালিকায় রয়েছে ফিশ ফ্রাই, বাসন্তী পোলাও, কাতলা মাছের কালিয়া থেকে শুরু করে মটন কষা, রসগোল্লা এবং মিষ্টি দই। এমন কাণ্ডে স্বাভাবিকভাবেই বেশ অবাক তৃণমূল নেতা দেবাংশু।
সোশ্যাল মিডিয়ায় নিজেই এই ঘটনার কথা জানিয়েছেন দেবাংশু। তাঁর দাবি, রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ বাইকে করে হেলমেট পরা দুই ব্যক্তি এসে তাঁর বাড়ির সদর দরজার সামনে কার্তিক ঠাকুর রেখে যান। সকালে ঘুম থেকে উঠে বিষয়টি নজরে আসে তাঁর। পরে বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে গোটা ঘটনার কিছুটা আঁচ পান তিনি। যদিও ওই দুই ব্যক্তিকে চিনতে পারেননি।
তবে কার্তিক ঠাকুরের সঙ্গে পাওয়া চিঠিটি নিয়েই শুরু হয়েছে আসল মজা। সেখানে লেখা হয়েছে, দেবাংশু ও তাঁর মায়ের বিয়ের খবর শুনেই কার্তিকের আসার প্রস্তুতি সম্পূর্ণ। বাড়িতে আসার পর তাঁর বিশেষ আবদার, পুজোর পরে যেন কাকাদের আমন্ত্রণ জানিয়ে ভালো করে খাওয়ানো হয়।
আর সেই খাওয়াদাওয়ার মেনু শুনলে চোখ কপালে উঠতে পারে অনেকেরই। স্টার্টারে রাখতে হবে ফিশ ফ্রাই অথবা কাবাব। এরপর ফ্রায়েড রাইস কিংবা বাসন্তী পোলাও। সঙ্গে অবশ্যই চাই কাতলা মাছের কালিয়া। মাংসের পদে চিকেন অথবা মটন কষা। শেষ পাতে থাকছে টমেটোর চাটনি, পাপড়, রসগোল্লা, মাখা সন্দেশ, মিষ্টি দই এবং পান। চিঠিতে দেবাংশুকে নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। লেখা হয়েছে, তিনি নাকি অত্যন্ত কিপটে! তাই কার্তিক ঠাকুরের নির্দেশ অমান্য করে যেন খাওয়াদাওয়ার আয়োজন থেকে পিছিয়ে না যান। এই মজার চিঠি এবং কার্তিক ঠাকুরের আগমন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।
ঘটনা নিয়ে দেবাংশুও বেশ মজার ছলেই প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর বক্তব্য, তিনি এখনও বিবাহিত নন। কেবল পারিবারিক আশীর্বাদ পর্ব সম্পন্ন হয়েছে। তাই বিয়ের আগেই কার্তিক ঠাকুরকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে তিনি মজা করে বলেছেন, এত উত্তেজিত হওয়ার প্রয়োজন নেই। তবে ঠাকুর যখন বাড়িতে এসেছেন, তখন তাঁকে সপরিবারে সাদরে গ্রহণ করেছেন বলেও জানিয়েছেন। উল্লেখ্য, রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজের এনগেজমেন্টের খবর প্রকাশ্যে আনেন দেবাংশু। তাঁর হবু স্ত্রীর নাম মেঘনা শর্মা। পেশায় তিনি বিমানসেবিকা এবং একটি জনপ্রিয় বিমানসংস্থায় কর্মরত। মেঘনার বাড়ি উত্তরপাড়ায়। পড়াশোনা করেছেন উত্তরপাড়া টাউন গার্লস হাইস্কুলে। রাজনীতির সঙ্গে তাঁর কোনও প্রত্যক্ষ যোগ নেই। ফলে দুজনের পরিচয় কীভাবে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। পাশাপাশি তাঁদের বিয়ের দিনক্ষণ নিয়েও আগ্রহ রয়েছে।
ছাত্ররাজনীতির হাত ধরেই দেবাংশু ভট্টাচার্যের রাজনৈতিক জীবনের শুরু। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্বও সামলেছেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তাঁর লেখা ‘খেলা হবে’ গান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। পরবর্তীতে একাধিক নির্বাচনে প্রার্থী হলেও জয় অধরা থেকেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল। এরপর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হুগলির চুঁচুড়া কেন্দ্র থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

সব মিলিয়ে, দেবাংশুর এনগেজমেন্টের খবরের রেশ কাটতে না কাটতেই বাড়িতে কার্তিক ঠাকুরের আগমন এবং তার সঙ্গে আসা ভোজের আবদার নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.