শিশুদের স্কুলজীবনের সময়টা শুধু পড়াশোনার নয়, শারীরিক ও মানসিক বিকাশেরও গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বয়সে শরীর দ্রুত বৃদ্ধি পায়, মস্তিষ্কের বিকাশ ঘটে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে ওঠে। তাই দৈনন্দিন খাদ্যতালিকায় সঠিক পুষ্টির ভারসাম্য বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, কিছু নির্দিষ্ট পুষ্টি উপাদান এই বয়সে শিশুদের সুস্থ বৃদ্ধির জন্য অপরিহার্য।
প্রোটিন: শরীর গঠনের মূল উপাদান
বাড়ন্ত বয়সে পেশি, হাড় ও শরীরের বিভিন্ন কোষের বৃদ্ধির জন্য প্রোটিন অত্যন্ত প্রয়োজনীয়। দৈনন্দিন দৌড়ঝাঁপে শরীরের কোষের যে ক্ষয় হয়, তা পূরণ করতেও প্রোটিন সাহায্য করে। পাশাপাশি অসুস্থতার পরে দ্রুত সুস্থ হয়ে উঠতেও এই উপাদান কার্যকর।

মাছ, ডিম, মাংস, দুধ, পনির, ডাল, ছোলা, বাদাম ইত্যাদিতে প্রচুর প্রোটিন রয়েছে। প্রাণিজ ও উদ্ভিজ্জ— দুই ধরনের প্রোটিনই শিশুদের খাদ্যতালিকায় রাখা প্রয়োজন।
আয়রন: মস্তিষ্ক ও রক্তের জন্য জরুরি
আয়রন শরীরে অক্সিজেন পরিবহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর অভাব হলে রক্তাল্পতা, দুর্বলতা ও ক্লান্তি দেখা দিতে পারে। এমনকি শিশুদের মস্তিষ্কের বিকাশও বাধাগ্রস্ত হতে পারে।
পালংশাক, মেথি, মোচা, থোড়, কুমড়োর বীজ, কাঁচকলা, বেদানা ও শুকনো ফলের মধ্যে আয়রন পাওয়া যায়। অনেক সময় চিকিৎসকের পরামর্শে আয়রনের সাপ্লিমেন্টও দেওয়া হয়।
ক্যালশিয়াম ও ভিটামিন ডি: মজবুত হাড় ও দাঁতের চাবিকাঠি
এই বয়সে শিশুদের হাড় দ্রুত বৃদ্ধি পায় এবং নতুন দাঁত ওঠে। তাই ক্যালশিয়াম ও ভিটামিন ডি-র চাহিদা বেড়ে যায়। দুধ, ডিম, মাছ, শাকসব্জি ও ফল থেকে ক্যালশিয়াম পাওয়া যায়।
ভিটামিন ডি মূলত সূর্যের আলো থেকে শরীরে তৈরি হয়। তাই পড়াশোনার পাশাপাশি শিশুদের নিয়মিত খেলাধুলা ও বাইরে সময় কাটানোও খুব জরুরি।
কার্বোহাইড্রেট: শক্তির প্রধান উৎস
অনেকে ওজন নিয়ন্ত্রণের জন্য কার্বোহাইড্রেট কম খান। কিন্তু শিশুদের ক্ষেত্রে এটি একেবারেই ঠিক নয়। কারণ বাড়ন্ত বয়সে পর্যাপ্ত শক্তি ও ক্যালোরির প্রয়োজন হয়, যার প্রধান উৎস কার্বোহাইড্রেট।
ভাত, রুটি, ডাল, শাকসব্জি ও বিভিন্ন শস্যজাত খাবারে কার্বোহাইড্রেট থাকে। তবে ময়দা বা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারের বদলে গমের আটা, রাগি বা অন্যান্য শস্য থেকে তৈরি খাবার বেশি উপকারী।
জিঙ্ক ও ভিটামিন সি: রোগ প্রতিরোধ ও স্নায়ুর বিকাশে সহায়ক
জিঙ্ক শিশুদের স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন স্নায়ুকোষ তৈরিতেও এই খনিজ প্রয়োজন। অন্য দিকে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
লেবুজাতীয় ফল, ক্যাপসিকাম, বিভিন্ন ধরনের বাদাম, বীজ, দই, পনির ও ডালে জিঙ্ক এবং ভিটামিন সি পাওয়া যায়।
সুষম খাদ্যই সুস্থ বৃদ্ধির ভিত্তি
শিশুদের সুস্থভাবে বড় করে তুলতে শুধু পেট ভরানো যথেষ্ট নয়। প্রয়োজন সুষম ও পুষ্টিকর খাবার। প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের শাকসব্জি, ফল, প্রোটিন, শস্য ও দুগ্ধজাত খাবার রাখলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ অনেকটাই সঠিক পথে এগোবে।