ছোট পর্দা থেকে ওটিটি, তারপর বড় পর্দা—বিভিন্ন মাধ্যমে নানা ধরনের চরিত্রে দর্শকদের নজর কেড়েছেন অভিনেতা রোহন ভট্টাচার্য(Rohaan Bhattacharjee)। কখনও রোমান্টিক হিরো, কখনও পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এবার সম্পূর্ণ ভিন্ন অবতারে পর্দায় হাজির হতে চলেছেন অভিনেতা। তাঁর নতুন ছবির নাম ‘দশানন’।
সপ্তাশ্ব বসু পরিচালিত এই ছবিটি হতে চলেছে একেবারে অন্য ধরনের মিথলজিক্যাল ফিউশন। ছবিতে অ্যাকশন হিরোর চরিত্রে অভিনয় করবেন রোহন। তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী পিয়ালী চক্রবর্তীকে। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন বিশ্বরূপ বিশ্বাসও। ‘দশানন’-এর চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ঈশান মিত্র। পৌরাণিক আবহের সঙ্গে আধুনিক গল্প ও অ্যাকশনের মিশেল কতটা জমে ওঠে, এখন সেটাই দেখার।
বিভিন্ন ঘরানার ছবিতে অভিনয় করলেও ‘দশানন’-এর মতো ভিন্নধর্মী প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রোহন। ছবিতে তাঁর চরিত্র ও গল্পের পৌরাণিক সংযোগ নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। সম্প্রতি পায়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিনেতাকে। সেই শারীরিক সমস্যাকে পিছনে ফেলে নতুন চরিত্রের জন্য ফের প্রস্তুত হচ্ছেন তিনি। এর আগে রাহুলের মৃত্যুর সময় অভিনেতা-অভিনেত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন রোহন। নিজের জীবনে কীভাবে সাক্ষাৎ বিপদের হাত থেকে রক্ষা পেয়েছিলেন, সেই অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন তিনি।
অন্যদিকে, পিয়ালী চক্রবর্তীও বাংলা ছবিতে পরিচিত মুখ। ‘বরফি’, ‘বেঙ্গল পুলিশ চ্যাপ্টার ০১’, ‘জতুগৃহ’-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। এবার প্রথমবারের মতো রোহন ও পিয়ালীর নতুন জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় দর্শকরা।
তবে ‘দশানন’ ছবির গল্পে ঠিক কোন পৌরাণিক চরিত্র বা কাহিনি নতুনভাবে উঠে আসবে, আর রোহনের চরিত্রের সঙ্গে তার সম্পর্কই বা কী—এই প্রশ্নগুলির উত্তর আপাতত নির্মাতারা গোপন রেখেছেন। ফলে ছবিটি ঘিরে রহস্য ও আগ্রহ, দুটোই ক্রমশ বাড়ছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.