শনিবার মধ্যরাত থেকে নেটদুনিয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ও বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের মৃত্যু সংবাদের জেরে। দাবি করা হয়, বাগদাদে এক পথদুর্ঘটনায় নাকি তাঁর মৃত্যু হয়েছে। এই ভুয়ো খবরটি পোস্ট করা হয় ডোনার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেই। আর সেখান থেকেই উদ্বেগ ছড়িয়ে পড়ে অনুরাগী ও শুভানুধ্যায়ীদের মধ্যে।
ডোনার ফেসবুক পেজে একের পর এক পোস্টে লেখা হয়— ‘পবিত্র আত্মার শান্তি কামনা করি ডোনা’, ‘শান্তিতে ঘুমোও বোন ডোনা’ ইত্যাদি। কোথাও আবার বলা হয় কোনও দুর্ঘটনায় তাঁর প্রাণহানি হয়েছে। লক্ষণীয় বিষয়, এই পোস্টগুলির ভাষা ছিল হিন্দি বা ইংরেজি নয়, বরং অন্য একটি ভাষায় লেখা। এমনকি কয়েকজন পরিচিত ব্যক্তির কাছে অশালীন ও পর্নোগ্রাফিক বার্তাও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
তবে রবিবার সকালে বিষয়টি পরিষ্কার হয়। পুরো ঘটনাটিই যে ভুয়ো এবং একটি সাইবার অপরাধ, তা নিজেই নিশ্চিত করেন ডোনা গঙ্গোপাধ্যায়। একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাঁর কাছেও তাঁর মৃত্যুসংবাদের খবর পৌঁছেছে। ডোনা সকলকে অনুরোধ করেছেন, যেন কেউ এই ফেসবুক প্রোফাইল থেকে আসা কোনও বন্ধুত্বের অনুরোধ বা বার্তায় সাড়া না দেন।
ঘটনার গুরুত্ব বুঝে পশ্চিমবঙ্গ সরকারের সাইবার বিভাগের এডিজি ও আইজিপি শ্রী হরিকিশোর কুসুমাকারের সঙ্গে যোগাযোগ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য। জানা গিয়েছে, রবিবারই সাইবার ক্রাইম বিভাগে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন ডোনা গঙ্গোপাধ্যায়। সেখান থেকেই হ্যাকারদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখযোগ্য বিষয়, এই প্রথম নয়— কয়েকদিন আগেও ডোনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল বলে জানা যায়। পাশাপাশি, সম্প্রতি একটি মন্তব্য ঘিরে তিনি বিতর্কের মুখেও পড়েছিলেন। বর্ধমানের সংস্কৃতি লোক মঞ্চে এক নৃত্য উৎসবে তিনি বলেছিলেন, “রেপ টেপ সব জায়গাতেই হয়, কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে?” এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হলে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করে প্রতিবাদ জানান।
সব মিলিয়ে, ডোনা গঙ্গোপাধ্যায়ের মৃত্যুসংবাদের গুজব যে সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত সাইবার অপরাধ, তা স্পষ্ট। ঘটনায় উদ্বেগ ছড়ালেও, এখন সকলের একটাই প্রত্যাশা— দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.