বাতিল সিম ও ই-ওয়েস্ট থেকে ২৭ লক্ষ টাকার সোনা উদ্ধার! চিনা তরুণের অভিনব সাফল্য

ফেলে দেওয়া সিম কার্ড ও বৈদ্যুতিন যন্ত্রাংশ যে এতটা মূল্যবান হতে পারে, তা হয়তো অনেকেই ভাবেননি। কিন্তু চিনের এক তরুণ সেই ধারণাকেই বাস্তবে বদলে দিলেন। বাতিল সিম কার্ড ও ইলেকট্রনিক বর্জ্য থেকে সোনা উদ্ধার করে প্রায় ২৭ লক্ষ টাকার সম্পদ গড়ে তুলেছেন তিনি। সমাজমাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়তেই ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

চিনা সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অনলাইনে ‘কিয়াও’ নামে পরিচিত এই ব্যক্তি গুয়াংডং প্রদেশের হুইঝো শহরের বাসিন্দা। তিনি পেশায় একজন মূল্যবান ধাতু পুনরুদ্ধার বিশেষজ্ঞ। দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বর্জ্য থেকে সোনা, রুপো-সহ দামী ধাতু আলাদা করার কাজ করে আসছেন তিনি।

গত ২০ জানুয়ারি সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন কিয়াও। সেখানে দেখা যায়, কী ভাবে বাতিল সিম কার্ড, টেলিযোগাযোগ শিল্পের চিপ এবং অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রাংশ বিশেষ প্রক্রিয়ায় শোধন করে সোনা আলাদা করা হচ্ছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পরই তা ব্যাপক ভাইরাল হয়। সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ইতিমধ্যেই ভিডিওটি ৫০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে।

কিয়াও জানিয়েছেন, তিনি প্রায় দু’টন ইলেকট্রনিক বর্জ্য প্রক্রিয়াকরণ করেছেন। এর মধ্যে শুধু সিম কার্ডই নয়, ব্যাঙ্ক কার্ডের চিপ এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের অংশও ছিল। উচ্চ তাপমাত্রা ও একাধিক রাসায়নিক পদার্থ ব্যবহার করে এই বর্জ্যগুলিকে শোধন করা হয়। দীর্ঘ প্রক্রিয়ার শেষে তিনি প্রায় ১৯১ গ্রাম সোনা উদ্ধার করতে সক্ষম হন। আন্তর্জাতিক বাজারদরে যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ ইউয়ান, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৭ লক্ষ টাকা।

তবে কিয়াও স্পষ্ট করে জানিয়েছেন, শুধুমাত্র সিম কার্ড থেকে এত বিপুল পরিমাণ সোনা পাওয়া সম্ভব নয়। সিম কার্ডে সাধারণত খুব সামান্য পরিমাণে সোনার প্রলেপ থাকে। আসল লাভ আসে টেলিকম চিপ, ব্যাঙ্ক কার্ডের চিপ ও অন্যান্য ইলেকট্রনিক উপাদান থেকে। তিনি আরও জানান, এই কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রয়োজনীয় জ্ঞান ও নিরাপত্তা ব্যবস্থা ছাড়া রাসায়নিক প্রক্রিয়া শুরু করলে তা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।

এই ঘটনার পর বিভিন্ন সমাজমাধ্যমে পুরনো সিম কার্ড ও ই-ওয়েস্টের চাহিদা হঠাৎ করেই বেড়ে গিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, পরিবেশ ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে এ ধরনের কাজ শুধুমাত্র প্রশিক্ষিত ও পেশাদারদের হাতেই থাকা উচিত।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক