গেমপ্রেমীদের কাছে বহু প্রতীক্ষিত নাম গ্র্যান্ড থেফট অটো ৬। সংক্ষেপে জিটিএ ৬। আগামী ১৯ নভেম্বর গেমটি মুক্তি পাওয়ার কথা। ২০১৩ সালে জিটিএ ৫ প্রকাশের দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় পর নতুন সংস্করণ আসার খবরে স্বাভাবিকভাবেই উত্তেজনা তুঙ্গে গেমারদের মধ্যে। তবে এই গেমকে ঘিরেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এক যুগলের মজার কাণ্ড। প্রেমিককে তাঁর বহু প্রতীক্ষিত গেমটি উপহার দিলেন তরুণী। কিন্তু উপহারের সঙ্গে জুড়ে দিলেন একগুচ্ছ কড়া শর্ত। শুধু মুখে বলে নয়, রীতিমতো চুক্তিপত্র তৈরি করে তাতে প্রেমিকের সইও করিয়ে নিয়েছেন তিনি।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট অনুযায়ী, প্রেমিক লাঙ্গাকে জিটিএ ৬ উপহার দিয়েছেন তাঁর প্রেমিকা ভানেসা। তবে গেম হাতে পেয়ে প্রেমিক যাতে দিনের অধিকাংশ সময় সেটি খেলেই কাটিয়ে না দেন, তা নিশ্চিত করতেই এই অভিনব ব্যবস্থা। চুক্তিপত্রে দু’জনের স্বাক্ষরও রয়েছে। ১১ নভেম্বর, ২০২৬ তারিখে স্বাক্ষরিত ওই নথিতে লাঙ্গাকে ‘দ্য প্লেয়ার’ এবং ভানেসাকে ‘দ্য লিভিং গার্লফ্রেন্ড’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
চুক্তিপত্রে মোট চারটি শর্ত রাখা হয়েছে। প্রথমত, প্রতি ঘণ্টায় অন্তত একবার প্রেমিকার খোঁজখবর নিতে হবে লাঙ্গাকে। দ্বিতীয়ত, প্রেমিকা কথা বলতে চাইলেই সঙ্গে সঙ্গে গেম বন্ধ করে তাঁর কথা শুনতে হবে। তৃতীয়ত, দিনের ৫০ শতাংশের বেশি সময় কোনওভাবেই গেম খেলে কাটানো যাবে না। তবে সবচেয়ে মজার শর্তটি রয়েছে একেবারে শেষে। জিটিএ ৬-এর অন্যতম চরিত্র লুসিয়াকে কোনওভাবেই নিজের প্রেমিকা ভাবা চলবে না। বাস্তবের প্রেমিকা ভানেসাকেই যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, তা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন তরুণী।
‘নোহো_এড’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে চুক্তিপত্রের ছবিটি প্রকাশ করা হয়েছে। পোস্টটি ইতিমধ্যেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে। যদিও ঘটনাটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
Got home to GTA 6 on the counter with a contract next to it 👀. https://t.co/93TdMICvVi
— ed 🇿🇦 (@NoHoe_Ed) November 11, 2026
ভাইরাল হওয়ার পর থেকেই পোস্টটিকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ কেউ মনে করছেন, প্রেমিকের উপর এতগুলি শর্ত চাপিয়ে কিছুটা বাড়াবাড়িই করেছেন তরুণী। আবার অনেকের মতে, প্রেমিকের পছন্দের গেম উপহার দেওয়ার পাশাপাশি সম্পর্কের জন্য এমন মজার নিয়ম তৈরি করার ভাবনাটিও বেশ অভিনব। এমনকী কয়েকজন মজা করে মন্তব্য করেছেন, এমন প্রেমিকা জীবনে পেলে তাঁকে বিয়ে করে নেওয়াই উচিত!

সব মিলিয়ে, জিটিএ ৬ মুক্তির আগেই গেমকে কেন্দ্র করে এই যুগলের মজার চুক্তিপত্র এখন নেটপাড়ার অন্যতম চর্চার বিষয়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.