গায়িকা ইমন চক্রবর্তীর জীবনে ‘প্রাক্তন’ শব্দটির আলাদা তাৎপর্য রয়েছে। একদিকে এই নামেই নির্মিত ছবিতে গান গেয়ে তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন, অন্যদিকে ব্যক্তিগত জীবনেও ‘প্রাক্তন’ সম্পর্কের অভিজ্ঞতা তাঁর জীবনকে নানা ভাবে সমৃদ্ধ করেছে। সম্প্রতি ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়ে নিজের জীবনের প্রাক্তনদের প্রসঙ্গে খোলামেলা মন্তব্য করলেন শিল্পী।
‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির গল্পে সুমনের প্রাক্তন স্ত্রী শুভ্রা এবং বর্তমান সঙ্গী মেঘনার সম্পর্কের সমীকরণ বিশেষ গুরুত্ব পেয়েছে। সেই সূত্র ধরেই অনুষ্ঠানে উঠে আসে ‘প্রাক্তন’ প্রসঙ্গ। ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ইমনও। কারণ, একসময় গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি।
প্রাক্তনদের ভূমিকা সম্পর্কে প্রশ্ন করা হলে ইমন স্পষ্ট ভাষায় জানান, তাঁর কাছে ‘প্রাক্তন’ মানে শুধুমাত্র অতীত নয়, বরং জীবনের মূল্যবান অভিজ্ঞতা। তাঁর কথায়, “আমার জীবনে প্রাক্তন মানে অনেকটা অভিজ্ঞতা। এবং সেটা ভীষণ রঙিন। কখনও কালো, কখনও ধূসর, কখনও আবার রামধনুর মতো। তবে আমার জীবনে আমার প্রাক্তনরা অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছেন। যেটা আমার অভিজ্ঞতা সঞ্চয় করতে কাজে দিয়েছে। আমি কিছুই ভুলে যাইনি।”
ইমনের এই মন্তব্য ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে। উল্লেখ্য, শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রায় চার বছর সম্পর্কে ছিলেন তিনি। তবে সেই সম্পর্কের ইতি টানার পর নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করেন ইমন। বর্তমানে তিনি নীলাঞ্জনের সঙ্গে বিবাহিত জীবনে সুখে রয়েছেন।
অন্যদিকে, ইমনের সঙ্গে বিচ্ছেদের পর শোভন গঙ্গোপাধ্যায় অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। যদিও সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তীকালে অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে সংসার শুরু করেন শোভন।
প্রসঙ্গত, ‘অর্ধাঙ্গিনী’ ছবির পর ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতেও গান গেয়েছেন ইমন চক্রবর্তী। ইতিমধ্যেই ছবির গান দর্শক-শ্রোতাদের মন জয় করেছে। গত ১০ জুলাই মুক্তি পেয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’। মুক্তির পর থেকেই দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হচ্ছে এবং দর্শকদের মধ্যে তা নিয়ে উৎসাহ চোখে পড়ার মতো।
ব্যক্তিগত জীবনের নানা ওঠাপড়া পেরিয়ে আজও ইমন চক্রবর্তী নিজের কাজ এবং সঙ্গীতচর্চাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তবে তাঁর কথাতেই স্পষ্ট, জীবনের প্রতিটি সম্পর্ক, তা বর্তমান হোক বা প্রাক্তন, তাঁর পথচলায় বিশেষ ভূমিকা পালন করেছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.