Iman: জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’র মঞ্চে আবারও নিজের উপস্থিতিতে দর্শকদের মন জয় করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। সুরের মূর্ছনার পাশাপাশি এদিন তার অনবদ্য সাজও ছিল আলোচনার কেন্দ্রে। গাঢ় নীল রঙের ঐতিহ্যবাহী শাড়িতে ইমন যেন একেবারে বাঙালিয়ানার প্রতীক হয়ে উঠেছিলেন।
রূপোলী জরির পাড় দেওয়া নীল শাড়ির সঙ্গে সাদা ব্লাউজ, খোঁপা এবং পরিমিত গয়নায় ধরা দিলেন তিনি। স্বাভাবিক মেকআপ ও আত্মবিশ্বাসী হাসি তার সৌন্দর্য্যকে আরও উজ্জ্বল করে তুলেছিল। মঞ্চে হাতে মাইক্রোফোন নিয়ে দর্শকদের সঙ্গে কথা বলা এবং প্রাণবন্ত উপস্থিতি পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
পাশে সঞ্চালক দেবও ছিলেন তার স্বভাবসুলভ হাসিখুশি মেজাজে, ফলে মুহূর্তটি হয়ে ওঠে আরও আকর্ষণীয়। উল্লেখ্য, ইমন বরাবরই বিশ্বাস করেন, ফ্যাশনের থেকেও ব্যক্তিত্বই একজন মানুষের সবচেয়ে বড়ো পরিচয়। তাই তার প্রতিটি সাজেই থাকে সরলতা, আভিজাত্য এবং বাঙালি সংস্কৃতির ছোঁয়া। ‘দাদাগিরি’-র এই পর্বেও তার ব্যতিক্রম ঘটেনি।
ছবিগুলি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘প্রকৃত সৌন্দর্য্য ফিসফিস করে বলে, যা কথায় কখনো প্রকাশ করা যায় না।’ ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বয়ে যায়। কেউ লিখেছেন, ‘নীল শাড়িতে অপূর্ব লাগছে’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘সুরের রানীর সঙ্গে সৌন্দর্য্যেরও রানী।’
এক কথায় বলতে গেলে গান, ব্যক্তিত্ব এবং অনবদ্য স্টাইল, সবমিলিয়ে ‘দাদাগিরি’র মঞ্চে ইমন(Iman Chakraborty) আবারও প্রমাণ করলেন, তিনি শুধু একজন অসাধারণ শিল্পী নন বরং আধুনিক বাঙালি নারীর রুচিশীল সৌন্দর্য্যেরও এক উজ্জ্বল প্রতীক।

Sudeshna has been writing entertainment reports since 2021.