পুজোর আবহের আগেই টলিপাড়ায় নেমে এল শোকের ছায়া। মাতৃহারা হলেন পরিচালক ও সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত(Indraadip Dasgupta)। শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর মা মল্লিকা দাশগুপ্তের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মল্লিকা দেবী। বৃহস্পতিবার রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তৎপরতায় শুরু হয় চিকিৎসা। তবে শেষরক্ষা হয়নি। শুক্রবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কাজের ব্যস্ততা থাকলেও মায়ের সঙ্গে ইন্দ্রদীপ দাশগুপ্তর সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। মায়ের প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে পরিচালক ও তাঁর পরিবারের মধ্যে। টলিপাড়ার বহু শিল্পী ও সহকর্মীও এই কঠিন সময়ে ইন্দ্রদীপের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পরিচালক হিসেবে ২০১৯ সালে ‘কেদারা’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। প্রথম ছবিতেই নজর কাড়েন তিনি। ‘কেদারা’র জন্য জাতীয় পুরস্কারও পান পরিচালক। এরপর রহস্য-রোমাঞ্চে ভরা ‘আগন্তুক’ দর্শকদের উপহার দেন তিনি।
তাঁর তৃতীয় ছবি ‘বিসমিল্লাহ’-ও দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। ঋদ্ধি সেন ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত এই ছবির ভিন্নধর্মী গল্প দর্শকদের মনে জায়গা করে নেয়। পরবর্তীতে ঋতুপর্ণ ঘোষকে উৎসর্গ করে ‘গৃহপ্রবেশ’ তৈরি করেন ইন্দ্রদীপ। ছবিটির গল্প ও সিনেম্যাটিক উপস্থাপনা নিয়েও দর্শকদের মধ্যে যথেষ্ট আলোচনা হয়েছে।
পুজোর ঠিক আগে মাকে হারিয়ে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিবার। কাছের মানুষকে হারানোর এই কঠিন সময়ে পরিচালকের পাশে রয়েছেন টলিপাড়ার সহকর্মী ও অনুরাগীরা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.