জনপ্রিয় সংগীতশিল্পী Jojo Mukherjee-কে সম্প্রতি হাসপাতালে ভর্তি হতে হয়েছে। দীর্ঘদিনের শারীরিক সমস্যার জেরে শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে। যদিও অপারেশনের পর এখন অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
জোজো জানান, বেশ কিছু বছর আগে একটি শ্যুটিংয়ের সময় পড়ে গিয়ে তাঁর পায়ে গুরুতর চোট লাগে। সেই আঘাতের প্রভাব ধীরে ধীরে বাড়তে থাকে এবং পরবর্তীতে হিপ জয়েন্টে তীব্র ব্যথা শুরু হয়। ব্যথা থাকা সত্ত্বেও কাজ বন্ধ করেননি তিনি। নিয়মিত অনুষ্ঠান ও শ্যুটিং চালিয়ে যাওয়ায় সমস্যাটি আরও জটিল হয়ে ওঠে।
গত কয়েক মাস ধরে চিকিৎসকদের পরামর্শে ব্যথানাশক ওষুধ, ইনজেকশনসহ বিভিন্ন চিকিৎসা চলছিল। এমন পরিস্থিতিও তৈরি হয়েছিল যখন তাঁকে লাঠির সাহায্যে শ্যুটিং করতে যেতে হয়। কিন্তু কোনওভাবেই স্থায়ী স্বস্তি মিলছিল না। শেষ পর্যন্ত চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার তাঁর অপারেশন সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে খবর। সবকিছু ঠিক থাকলে শুক্রবারের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
তবে বাড়ি ফিরলেও আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে জোজোকে। চিকিৎসকেরা এখনও হাঁটার অনুমতি দেননি। ফলে কিছুদিন তাঁকে বাড়িতেই কাটাতে হবে। যদিও এই সময়ে গরমের কারণে বাইরের অনুষ্ঠান কম থাকায় বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।
উল্লেখ্য, কয়েকদিন আগেই নিজের ছেলের অসুস্থতার খবর জানিয়েছিলেন জোজো। সেই সময় ছেলেকে হাসপাতালে ভর্তি করানো নিয়ে তিনি যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন। বর্তমানে তাঁর ছেলে অনেকটাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এর মধ্যেই জোজোর অসুস্থতার খবর সামনে আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরাও।

Hello, I am BB. I have been working in blogging for more than five years.