সাই পল্লবীর ‘সীতা’ বিতর্কের মাঝেই ‘সীতা’র সাজে মেয়েবেলার ছবি দিলেন কঙ্গনা

রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’-এর ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই সাই পল্লবী(Sai Pallavi)-র ‘সীতা’ চরিত্রে অভিনয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। সীতার সাজে দক্ষিণী অভিনেত্রীর লুক, হিন্দি উচ্চারণ এবং চরিত্রের উপস্থাপনা নিয়ে নেটপাড়ায় চলছে নানা মতামত ও বিতর্ক। এই আবহেই নিজের ছোটবেলার একটি ছবি পোস্ট করে ফের আলোচনার কেন্দ্রে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত(Kangana Ranaut)।

সীতার সাজে ছোটবেলার ছবি, ‘লিবারেলদের’ কটাক্ষ কঙ্গনার

সীতার সাজে ছোটবেলার ছবি কঙ্গনার
সীতার সাজে ছোটবেলার ছবি কঙ্গনার

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে স্কুলজীবনের একটি পুরনো ছবি শেয়ার করেন কঙ্গনা (Kangana Ranaut)। ছবিতে তাঁকে সীতার সাজে দেখা যাচ্ছে। লাল শাড়ি পরে আশীর্বাদের ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তাঁর পাশে রাম ও হনুমানের সাজে দেখা যাচ্ছে স্কুলের সহপাঠীদের।

ছবিটির একটি ক্লোজ-আপ শটও শেয়ার করেন অভিনেত্রী। সেই ছবির সঙ্গে কঙ্গনা লেখেন, ‘সব লিবারেলদের জন্য রইল আমার আশীর্বাদ’। ক্যাপশনের সঙ্গে একাধিক হাসির ইমোজিও ব্যবহার করেন তিনি।

সাই পল্লবীর ‘সীতা’ অবতার নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তুঙ্গে, ঠিক সেই সময় কঙ্গনার এই পোস্টকে অনেকেই সেই বিতর্কের সঙ্গে যুক্ত করে দেখছেন। যদিও অভিনেত্রী সরাসরি সাই পল্লবীর নাম উল্লেখ করেননি।

Gen Z আন্দোলন নিয়ে মন্তব্য, ফের বিতর্কে কঙ্গনা

সীতার ছবি পোস্টের পাশাপাশি সাম্প্রতিক সময়ে Gen Z-এর আন্দোলন নিয়েও মন্তব্য করে শিরোনামে রয়েছেন কঙ্গনা। আন্দোলনরত তরুণদের সোশ্যাল মিডিয়া পোস্ট ও রিল নিয়ে তীব্র আপত্তি জানান তিনি।

কঙ্গনার বক্তব্য, এই ধরনের প্রতিবাদের রিল ভারতের মূল্যবোধ, সৌন্দর্য এবং সাংস্কৃতিক পরিশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি এমন রিলকে ‘বমি উদ্রেককারী’ বলেও মন্তব্য করেন। পাশাপাশি তরুণ প্রজন্মের ভাষা ও আচরণ নিয়েও প্রশ্ন তোলেন অভিনেত্রী।

একটি পোস্টে তিনি লেখেন, ভারত বৈচিত্র্যময় ও সুন্দর মানুষের দেশ, যেখানে সাংস্কৃতিক পরিশীলতার শিকড় গভীরে। অথচ প্রতিবাদের কিছু রিলে তরুণদের নিজেদের ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করতে দেখা যাচ্ছে—এমন মন্তব্যও করেন তিনি। এই পোস্টের পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নতুন বিতর্ক।

কঙ্গনাকে পাল্টা আক্রমণ সিজেপির মুখপাত্রের

কঙ্গনার মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন সিজেপি (কাকরোচ জনতা পার্টি)-র মুখপাত্র সৌরভ দাস। তাঁর দাবি, কঙ্গনার নিজের দলের লোকেরাই তাঁকে খুব একটা গুরুত্ব দেন না, তাই দেশের তরুণ প্রজন্ম কেন তাঁর বক্তব্যকে গুরুত্ব দেবে?

সৌরভ আরও দাবি করেন, হিমাচল প্রদেশে নিজের নির্বাচনী এলাকা পরিদর্শনের সময় কঙ্গনা সাংসদ হিসেবে কাজের চাপ সম্পর্কে মন্তব্য করেছিলেন। তাঁর বক্তব্য, এই মন্তব্যই কঙ্গনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে ধারণা দেয়। সৌরভের মতে, দেশের তরুণ প্রজন্ম কঙ্গনার তুলনায় দেশের জন্য অনেক বেশি কাজ করেছে।

রাজনীতির পাশাপাশি সিনেমাতেও ব্যস্ত কঙ্গনা

রাজনৈতিক মন্তব্য এবং সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে বিতর্কের মধ্যেই অভিনয় জগতেও সক্রিয় কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’।

২৬/১১ মুম্বই জঙ্গি হামলার সময় কামা ও আলব্লেস হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের সাহসিকতার ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। হামলার সময় হাসপাতালের কর্মীরা নিজেদের জীবন বিপন্ন করে বহু রোগীর প্রাণ রক্ষা করেছিলেন। সেই বাস্তব ঘটনাকেই সিনেমার পর্দায় তুলে ধরা হয়েছে।

তবে আপাতত তাঁর অভিনীত ছবির চেয়ে সোশ্যাল মিডিয়ায় করা মন্তব্য এবং রাজনৈতিক বিতর্ক নিয়েই বেশি চর্চায় কঙ্গনা। আর সাই পল্লবী(Sai Pallavi)-র ‘সীতা’ লুক নিয়ে বিতর্কের মধ্যেই ছোটবেলার সীতার সাজে তাঁর ছবি পোস্ট করা সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক