KBC-তে ‘ইন্ডিয়ান ডার্বি’র প্রশ্নে ১ কোটির ধাক্কা IIT বম্বের টপারের, জানেন সঠিক উত্তর?

‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৮’-এর হটসিটে দুর্দান্ত খেলা দেখিয়েও ১ কোটি টাকার প্রশ্নে এসে থমকে গেলেন ২২ বছর বয়সী যোগেশ সাহু। আইআইটি বম্বের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মেধা তালিকার শীর্ষস্থানাধিকারী এই প্রতিযোগী শেষ পর্যন্ত ৫০ লাখ টাকা নিয়েই সন্তুষ্ট থাকতে বাধ্য হন।

ছত্তিশগড়ের ভাতাপাড়ার বাসিন্দা যোগেশকে ১ কোটি টাকার জন্য প্রশ্ন করা হয় ১৯৪৩ সালের ‘ইন্ডিয়ান ডার্বি’ নিয়ে। অমিতাভ বচ্চনের প্রশ্ন ছিল, ১৯৪৩ সালে মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে ভাদোদারার মহারাজার মালিকানাধীন কোন ঘোড়াটি প্রথম ‘ইন্ডিয়ান ডার্বি’ জিতেছিল?

প্রশ্নের চারটি অপশন ছিল—
A: প্রিন্সেস বিউটিফুল
B: রিগাল ডোমেইন
C: স্টার অফ গোয়ালিয়ার
D: প্রিন্স প্রদীপ

তবে ততক্ষণে যোগেশের সমস্ত লাইফলাইন শেষ হয়ে গিয়েছিল। ‘এলিমিনেশন লজিক’-এর সাহায্য নিয়ে তিনি মনে করেন, প্রশ্নে ‘Horse’ শব্দটি ব্যবহৃত হওয়ায় ‘Princess Beautiful’ উত্তরটি হওয়ার সম্ভাবনা কম। সেই যুক্তিতে তিনি প্রিন্স প্রদীপ বেছে নেন। কিন্তু তাঁর উত্তরটি ভুল প্রমাণিত হয়। সঠিক উত্তর ছিল A—প্রিন্সেস বিউটিফুল।

১৯৪৩ সালের ৩০ জানুয়ারি মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে প্রথম ‘ইন্ডিয়ান ডার্বি’ অনুষ্ঠিত হয়েছিল। সেই ঐতিহাসিক দৌড়ে মহারাজা গায়েকওয়ারের মালিকানাধীন মাদী ঘোড়া ‘প্রিন্সেস বিউটিফুল’ জয়লাভ করে। উদ্বোধনী এই দৌড়ের প্রাইজ মানি ছিল ৩৫ হাজার টাকা। অস্ট্রেলীয় জকি এগার ব্রিট এবং ট্রেনার এম সি প্যাটেলের অধীনে দৌড়ে নেমে ‘প্রিন্সেস বিউটিফুল’ সেই মরসুমে ইন্ডিয়ান ১০০০ গিনি এবং ২০০০ গিনিতেও জয় পেয়েছিল।

তবে ১ কোটি টাকা হাতছাড়া হলেও যোগেশের লড়াই নিঃসন্দেহে অনুপ্রেরণার। ছত্তিশগড়ের এই যুবকের বাবা পেশায় গাড়িচালক এবং তাঁর মাসিক আয় প্রায় ২০ হাজার টাকা। আর্থিক প্রতিকূলতার মধ্যেই পড়াশোনা চালিয়ে আইআইটি বম্বে থেকে ডিগ্রি অর্জন করেন যোগেশ। পড়াশোনা শেষে ১৮ লাখ টাকার চাকরির প্রস্তাব পেলেও আইএএস অফিসার হওয়ার স্বপ্নকে অগ্রাধিকার দিয়ে সেই চাকরি প্রত্যাখ্যান করেন তিনি। বর্তমানে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যোগেশ।

এক কোটি টাকার প্রশ্নের উত্তর দিতে না পারলেও ৫০ লাখ টাকার জয় তাঁর পরিবারের দীর্ঘদিনের আর্থিক চাপ অনেকটাই কমাবে। তাঁর মেধা, অধ্যবসায় এবং আইএএস হওয়ার স্বপ্নই এখন ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চ থেকে দর্শকদের মনে আলাদা ছাপ ফেলেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক