বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথের মৃত্যুর ঘটনায় গভীর শোকের আবহ রাজনৈতিক মহলে। বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। ঘটনার পর থেকেই রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিচিত মহলে।
এই ঘটনার পর আবেগপ্রবণ হয়ে পড়েছেন অভিনেত্রী মাফিনও। তিনি জানান, চন্দ্রনাথের সঙ্গে তাঁর পরিচয় খুব বেশি দিনের নয়— প্রায় দেড় মাস আগে বিজেপির প্রচারের সময় তাঁদের আলাপ হয়। শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়েই চন্দ্রনাথের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়েছিল তাঁর।
মাফিনের কথায়, চন্দ্রনাথ ছিলেন অত্যন্ত দায়িত্ববান এবং সংযত স্বভাবের মানুষ। নির্বাচনী প্রচারের সময় তাঁর যাতায়াত, থাকার জায়গা থেকে শুরু করে নানা সাংগঠনিক বিষয় নিজের দায়িত্বে সামলাতেন তিনি। শুভেন্দুর অত্যন্ত বিশ্বস্ত সহকারী হিসেবেই পরিচিত ছিলেন চন্দ্রনাথ।
অভিনেত্রী জানান, বুধবার রাতে তিনি চন্দ্রনাথকে একটি মেসেজ পাঠিয়েছিলেন। বিজেপি অফিসে যাওয়ার কথা জানাতেই সেই বার্তা পাঠানো হয়েছিল। পরে খবর আসে, ওই সময়ের কিছু পরেই গুলিবিদ্ধ হন চন্দ্রনাথ। সেই মেসেজের আর কোনও উত্তর আসেনি। এই বিষয়টি মনে পড়তেই আবেগাপ্লুত হয়ে পড়েছেন মাফিন।
তিনি আরও বলেন, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ সময়ে এমন একটি ঘটনা অত্যন্ত মর্মান্তিক। সাম্প্রতিক রাজনৈতিক লড়াইয়ের মধ্যে চন্দ্রনাথ ছিলেন শুভেন্দুর অন্যতম ভরসার মানুষ। তাই এই মৃত্যু শুধু ব্যক্তিগত ক্ষতিই নয়, রাজনৈতিক ভাবেও বড় ধাক্কা বলে মনে করছেন অনেকে।
চন্দ্রনাথের মরদেহ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। শেষ শ্রদ্ধা জানাতে সেখানে রওনা দিয়েছেন মাফিনও।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.