মহারাষ্ট্রে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। আগামী দু’দিন রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। বৃষ্টির পাশাপাশি উত্তর কোঙ্কন ও উত্তর-মধ্য মহারাষ্ট্রের কিছু এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, কোঙ্কন, মধ্য মহারাষ্ট্র এবং মরাঠাওয়াড়া অঞ্চলে আগামী দু’দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে। ধুলে, নন্দুরবার এবং নাসিকে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পালঘর, ঠাণে, মুম্বই, রায়গড়, রত্নগিরি, জলগাঁও, অহল্যানগর, পুণে, সাতারা-সহ মোট ২৬টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, বিদর্ভের একাধিক জেলাতেও অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অকোলা, অমরাবতী, ভান্ডারা, বুলঢানা, চন্দ্রপুর, গঢ়চিরৌলি, গোন্ডিয়া, ওয়ার্ধা, ওয়াশিম এবং যবতমালে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে রাজ্যজুড়ে প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার রাত থেকেই মুম্বইয়ে শুরু হয়েছে টানা বৃষ্টি। রবিবার সকাল থেকে বৃষ্টির তীব্রতা আরও বেড়েছে। ইতিমধ্যেই শহরের একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। কুরলা, নালাসোপারা, দাদর-সহ বেশ কিছু এলাকায় জল জমে যাওয়ায় যান চলাচলে সমস্যা তৈরি হয়েছে।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পালঘর, ঠাণে এবং মুম্বইয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ফলে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পাশাপাশি প্রশাসনের তরফে জারি করা সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.