Health: স্তন ক্যানসার ফিরে আসার ঝুঁকি কমাতে নতুন আশার আলো, জানাল গবেষণা

বিশ্বজুড়ে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি যে ক্যানসার দেখা যায়, তা হল স্তন ক্যানসার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র তথ্য অনুযায়ী, বিশ্বের ১৮৫টি দেশের মধ্যে ১৫৭টি দেশেই মহিলাদের মধ্যে সর্বাধিক স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। পরিসংখ্যান বলছে, শুধু ২০২২ সালেই প্রায় ২৩ লক্ষ মহিলার শরীরে স্তন ক্যানসার ধরা পড়ে এবং ওই বছর প্রায় ৬ লক্ষ ৭০ হাজার মহিলা এই রোগে প্রাণ হারান। আরও উদ্বেগের বিষয় হল, প্রায় ৮০ শতাংশ রোগীর ক্ষেত্রে ভবিষ্যতে ক্যানসার শরীরের অন্য অঙ্গেও ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

এই পরিস্থিতিতে সাম্প্রতিক এক গবেষণা নতুন আশার কথা শোনাচ্ছে। ‘নেচার ক্যানসার’ মেডিক্যাল জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, স্তন ক্যানসারের চিকিৎসা পদ্ধতিতে সামান্য পরিবর্তন আনলে ক্যানসার ফিরে আসা এবং ছড়িয়ে পড়ার ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে কমানো সম্ভব।

গবেষকেরা জানাচ্ছেন, স্তন ক্যানসারের অধিকাংশ ক্ষেত্রেই রোগটি হয় ‘ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ’ বা ‘ইআর পজিটিভ’। এই ধরনের ক্যানসারে মূলত অ্যান্টি-ইস্ট্রোজেন থেরাপি দেওয়া হয়, যাতে শরীরে ইস্ট্রোজেন হরমোনের প্রভাব কমানো যায়। তবে দীর্ঘদিন এই চিকিৎসা চললে রোগীদের নানা পার্শ্বপ্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়—হাড় ক্ষয়, পেশি ও অস্থিসন্ধিতে ব্যথা, হট ফ্ল্যাশ বা আচমকা গরম লাগার মতো সমস্যা দেখা দেয়।

কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দীর্ঘ সময় ধরে গবেষণা চালিয়ে দেখেছেন, এই পার্শ্বপ্রতিক্রিয়া সামলানোর চিকিৎসায় সামান্য পরিবর্তন আনলেই ভবিষ্যতে ক্যানসার ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো যেতে পারে। সাধারণত মেনোপজের পরে ইআর পজিটিভ স্তন ক্যানসারের ক্ষেত্রে অস্ত্রোপচারের পর কেমোথেরাপি বা রেডিয়েশন দেওয়া হয় এবং তার সঙ্গে লেট্রোজ়ল গোত্রের ওষুধ ব্যবহার করা হয়। লেট্রোজ়ল শরীরে ইস্ট্রোজেনের মাত্রা কমাতে সাহায্য করে।

গবেষণায় দেখা গিয়েছে, লেট্রোজ়লের সঙ্গে যদি কৃত্রিম প্রোজেস্টেরন যুক্ত করা হয়, তবে ক্যানসার কোষের বৃদ্ধি আরও কার্যকর ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই ক্ষেত্রে মেগেস্টেরল অ্যাসিটেট নামের কৃত্রিম প্রোজেস্টেরন বিশেষভাবে কার্যকর হতে পারে। আগের গবেষণাগুলিতেও মেগেস্টেরলের ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গিয়েছিল। নতুন গবেষণায় দাবি করা হয়েছে, খুব অল্প মাত্রার ডোজ়েই এই ওষুধ রোগীদের সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে এবং ক্যানসার পুনরায় ফিরে আসার আশঙ্কা কমাতে সাহায্য করে।

গবেষকদের মতে, ভবিষ্যতে স্তন ক্যানসারের চিকিৎসায় এই পদ্ধতি আরও বিস্তৃতভাবে প্রয়োগ করা হলে বহু রোগীর জীবনমান উন্নত হবে এবং দীর্ঘমেয়াদি ঝুঁকিও কমবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক