Nora Fatehi: বলিউডের অন্যতম পরিচিত মুখ নোরা ফাতেহি। নাচ, অভিনয় এবং সৌন্দর্যের পাশাপাশি একাধিকবার বিতর্কেও জড়িয়েছে তাঁর নাম। বিশেষ করে কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁর নাম জড়ানোর পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির জেরার মুখোমুখি হতে হয়েছিল অভিনেত্রীকে। সেই সময়ের তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সম্প্রতি আবেগপ্রবণ হয়ে পড়লেন নোরা।
২০০ কোটি টাকার আর্থিক তছরুপ ও তোলাবাজির মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর বর্তমানে জেলে। তাঁর সঙ্গে নোরার যোগাযোগ এবং সুকেশের কাছ থেকে অভিনেত্রীর দামি উপহার ও গাড়ি নেওয়ার অভিযোগ নিয়ে একসময় ব্যাপক চর্চা হয়েছিল। সেই সূত্রেই ইডির তদন্তের আওতায় আসেন নোরা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের কথা বলতে গিয়ে নোরা জানান, পরিস্থিতি সামলানোর মতো কাউকে পাশে পাননি তিনি। অভিনেত্রীর কথায়, ওই সময় তিনি বুঝতেই পারছিলেন না কীভাবে পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন। ভয় ও মানসিক চাপ তাঁকে কার্যত ভেঙে দিয়েছিল। নিজেকে অত্যন্ত একা মনে হয়েছিল তাঁর।

সুকেশের কাছ থেকে গাড়ি বা দামি উপহার নেওয়ার প্রসঙ্গেও নোরার বক্তব্য, সেই সময় তিনি সুকেশের আসল পরিচয় ও তাঁর কর্মকাণ্ড সম্পর্কে অবগত ছিলেন না।
তবে এই বিতর্কের প্রভাব শুধু নোরার ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ থাকেনি। তাঁর দাবি, সুকেশের সঙ্গে নাম জড়ানোর পর পেশাগত জীবনেও সমস্যার মুখে পড়তে হয়েছিল তাঁকে। একাধিক বিজ্ঞাপন ও সংস্থার কাজ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে জানান অভিনেত্রী। পরপর কাজ হাতছাড়া হওয়ায় মানসিকভাবে আরও ভেঙে পড়েন তিনি।

নোরার কথায়, প্রায় দু’বছর ধরে এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। সেই কারণেই সুকেশ-পর্বের কথা উঠলেই পুরনো আতঙ্ক ও যন্ত্রণা এখনও তাঁকে তাড়া করে বেড়ায়। সাক্ষাৎকারে সেই সময়ের কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি অভিনেত্রী, চোখে জল চলে আসে তাঁর।
আরও পড়ুন,
কৃতীর রাখি বিজ্ঞাপন ঘিরে তুমুল বিতর্ক, ‘হিন্দুরা সহনশীল’ মন্তব্য নিয়ে মুখ খুললেন সোনু নিগম

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.