নতুন বছর শুরু হতেই বিশ্ব রাজনীতিতে চরম উত্তেজনার আবহ। ভেনেজুয়েলার বিরুদ্ধে আমেরিকার সামরিক পদক্ষেপ, কারাকাসে এয়ারস্ট্রাইক ও সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার খবর গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এই প্রেক্ষাপটেই ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ফরাসি ভবিষ্যদ্বক্তা নস্ত্রাদামুসের ২০২৬ সাল সংক্রান্ত ভবিষ্যদ্বাণী। তাঁর রহস্যময় চতুর্পদী কবিতাগুলিকে ঘিরে বহু বিশেষজ্ঞ দাবি করছেন, হতে পারে অস্থিরতা, সংঘর্ষ ও বড় পরিবর্তনের বছর।
নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ সালে বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। ধর্ম ও জাতীয়তাবাদের নামে হিংসা উসকে দেওয়া হবে বলে ইঙ্গিত রয়েছে তাঁর লেখায়। পাশাপাশি, একটি ভয়াবহ সমুদ্র যুদ্ধের কথাও উঠে এসেছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। বহু বিশ্লেষকের মতে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে এই ইঙ্গিতগুলো অদ্ভুতভাবে মিলে যাচ্ছে।
অর্থনৈতিক ক্ষেত্রেও অশনিসংকেত রয়েছে। নস্ত্রাদামুসের ব্যাখ্যাকারদের দাবি, ২০২৬ সালে আমেরিকা বা ব্রিটেনের মতো কোনও প্রভাবশালী দেশ গুরুতর অর্থনৈতিক সংকটে পড়তে পারে। এর প্রভাব ছড়িয়ে পড়বে সারা বিশ্বে। সমুদ্রপথ ও বন্দর কেন্দ্রিক উত্তেজনার কারণে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ ব্যাহত হতে পারে। ফলস্বরূপ মুদ্রাস্ফীতি বাড়বে, সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে। এই অর্থনৈতিক চাপ অনেক রাজনৈতিক দল ও ক্ষমতাশালী নেতার পতনের কারণও হতে পারে।
আরও এক ভয়ের ইঙ্গিত রয়েছে ‘রহস্যময় আক্রমণ’-এর ভবিষ্যদ্বাণীতে। নস্ত্রাদামুস তাঁর লেখায় ‘মৌমাছির ঝাঁক’-এর কথা উল্লেখ করেছেন। আধুনিক বিশেষজ্ঞদের মতে, এটি প্রতীকী শব্দ—যার মাধ্যমে ড্রোন আক্রমণ বা অত্যাধুনিক গোপন সামরিক হামলার ইঙ্গিত দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে হওয়া এমন আক্রমণ বিশ্ব নিরাপত্তার ধারণাকেই বদলে দিতে পারে।
প্রাকৃতিক দুর্যোগও ২০২৬ সালে বড় উদ্বেগের কারণ হতে পারে। তীব্র তাপপ্রবাহে খরা, আবার হঠাৎ ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার আশঙ্কা করা হয়েছে। নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে, যার ফলে পরিবেশ ও মানবজীবনে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নস্ত্রাদামুসের অনুসারীরা বলছেন, এই বছর প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
সবচেয়ে আধুনিক ও চমকপ্রদ ভবিষ্যদ্বাণীটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নিয়ে। দাবি করা হচ্ছে, ২০২৬ সালে AI-এর ক্ষমতা ও প্রভাব অভূতপূর্বভাবে বাড়বে। শুধু শিল্প বা প্রযুক্তি নয়, মানুষের দৈনন্দিন জীবন, সিদ্ধান্ত গ্রহণ ও শাসনব্যবস্থাতেও AI গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আবেগহীন সিদ্ধান্তের মাধ্যমে ধীরে ধীরে মানুষের উপর AI-এর নিয়ন্ত্রণ বাড়তে পারে—এমন আশঙ্কাও উঠে এসেছে।
সব মিলিয়ে, নস্ত্রাদামুসের ২০২৬ সংক্রান্ত ভবিষ্যদ্বাণী ভয়, কৌতূহল ও বিতর্ক—তিনয়েরই জন্ম দিচ্ছে। এগুলি সত্যি হবে কি না, তা সময়ই বলবে। তবে বর্তমান বিশ্বের অস্থির বাস্তবতার সঙ্গে এই ইঙ্গিতগুলোর মিল বহু মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.