অভিনয়, মিষ্টি হাসি কিংবা অনুরাগীদের সঙ্গে তাঁর আন্তরিক ব্যবহার—সব মিলিয়ে শেহনাজ গিলের জনপ্রিয়তা দিন দিনই বেড়ে চলেছে। ‘পাঞ্জাবি কুড়ি’ শেহনাজের জন্য ভক্তদের উন্মাদনার নানা ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে এবার এক অনুরাগী যা করলেন, তা দেখে রীতিমতো হতবাক অভিনেত্রী নিজেই।
শেহনাজের একনিষ্ঠ ভক্ত নিজের বুক চিড়ে সেখানে এঁকেছেন প্রিয় অভিনেত্রীর মুখের ট্যাটু। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে চর্চা। ঘটনাটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন শেহনাজও। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ওই অনুরাগী শার্টের বোতাম খুলে শেহনাজকে তাঁর বুকের ট্যাটুটি দেখাচ্ছেন। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে অভিনেত্রীর মুখের ছবি। ভক্তের এমন কাণ্ড দেখে প্রথমে অবাক হয়ে যান শেহনাজ। এরপর নিজেই ট্যাটুটি ভালো করে দেখেন।
জানা যায়, ওই অনুরাগীর সঙ্গে পাঞ্জাবিতে কথা বলেন শেহনাজ। তিনি জানতে চান, কেন নিজেকে এতটা কষ্ট দিয়ে এমন ট্যাটু করিয়েছেন। শেহনাজকে বলতে শোনা যায়, “তুমি ট্যাটুটা কেন করিয়েছ?” উত্তরে ওই ব্যক্তি জানান, “আমি আপনার ভক্ত।”
ভক্তের এমন উত্তরে আপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। খানিকটা অবাক হয়েই শেহনাজ বলেন, “আমি মানছি তুমি আমার ভক্ত, কিন্তু…”। এরপর আর বেশি কথা বলেননি তিনি। বরং দু’হাত দিয়ে ওই ভক্তের হাত চেপে ধরে তাঁকে ধন্যবাদ জানান শেহনাজ। প্রিয় তারকার এমন প্রতিক্রিয়াতেই আবেগঘন হয়ে ওঠে মুহূর্তটি।

ভিডিওটি সামনে আসার পর নেটিজেনদের একাংশের দাবি, ওই ব্যক্তি এর আগেও শেহনাজের জন্য ট্যাটু করিয়েছিলেন। এক নেটিজেনের মন্তব্য, “ও আগে হাতে ট্যাটু করেছিল। তখন শেহনাজ বলেছিল, খুব ভালো হয়েছে, কিন্তু বুকে করাবে না। কিন্তু ও তো শেহনাজের কথা শোনেনি।” অর্থাৎ, শেহনাজের অনুরোধ সত্ত্বেও শেষ পর্যন্ত ওই অনুরাগী তাঁর বুকেই প্রিয় অভিনেত্রীর মুখের ট্যাটু করিয়েছেন বলে দাবি করা হচ্ছে।
অন্য এক নেটিজেন আবার শেহনাজেরই পুরনো একটি ট্যাটুর প্রসঙ্গ টেনে লিখেছেন, “এক সময় শেহনাজ কর্ণ আউজলার ট্যাটু করিয়েছিলেন। আর আজ মানুষ শেহনাজের ট্যাটু করাচ্ছে।” সব মিলিয়ে, প্রিয় তারকার প্রতি ভক্তের এমন ভালোবাসা যেমন নেটপাড়ায় নজর কেড়েছে, তেমনই শেহনাজের আবেগঘন প্রতিক্রিয়াও মন ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের।


Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.