বিগ বসের ঘরে প্রতিদিনই নতুন কোনও না কোনও ঘটনা ঘিরে উত্তেজনা তৈরি হচ্ছে। সলমন খানের সঞ্চালনায় শুরু হওয়া ‘বিগ বস সিজন ২০’-এর ষষ্ঠ পর্বেও তার ব্যতিক্রম হল না। বাড়ির কাজকে কেন্দ্র করে শুরু হওয়া তর্ক গড়াল ব্যক্তিগত আক্রমণ এবং শৌচালয় ব্যবহারের বিতর্কে। কণিকা মান ও ইয়ুং ডিএসএ-র মধ্যে এই বাগ্বিতণ্ডা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বিগ বসের বাড়ি।
ঘটনার সূত্রপাত বাড়ির কাজের দায়িত্ব নিয়ে। অন্যান্য প্রতিযোগীদের তুলনায় ক্যাপ্টেন হিসেবে ইয়ুংয়ের বাড়তি কাজের দায়িত্ব নিয়ে কণিকা কটাক্ষ করেন। তাঁর দাবি, ক্যাপ্টেনের তো তেমন কোনও কাজই করার কথা নয়। এমনকী ইয়ুং কীভাবে নিজের খাবার খাবেন, তা নিয়েও বিদ্রূপ করেন কণিকা। খাবার চিবিয়ে খেতে সাহায্য করার প্রস্তাবও দেন তিনি।
পালটা ইয়ুং বলেন, “স্নানের সময়ও ডেকে নিও।” ইয়ুংয়ের এই মন্তব্যে ক্ষুব্ধ হন কণিকা। অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, তিনি কাউকে খুশি করতে বিগ বসের ঘরে আসেননি।
এরপরই বিতর্ক আরও বাড়ে শৌচালয় ব্যবহার নিয়ে। ইয়ুং অভিযোগ করেন, কয়েকজন মহিলা প্রতিযোগী পুরুষদের জন্য নির্ধারিত শৌচালয় ব্যবহার করছেন। তাঁর বক্তব্য, মহিলাদের শৌচালয় বন্ধ থাকায় মেরি কম পুরুষদের শৌচালয় ব্যবহার করেন। এরপর সেই শৌচালয় ব্যবহার করেন কণিকাও।
ইয়ুং আরও অভিযোগ করেন, ওই শৌচালয়ে কণিকার চুল পড়ে ছিল। এই মন্তব্যকে মোটেই ভালোভাবে নেননি কণিকা। তাঁর মতে, এই ধরনের মন্তব্য অশালীন এবং অপ্রয়োজনীয়। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে তুমুল তর্ক শুরু হয়।

এই ঘটনার সময় বিগ বসের বাড়ির একাধিক প্রতিযোগীকেই ইয়ুংয়ের আচরণে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তর্কের মাঝেই ইয়ুং কণিকাকে টেলিভিশন অভিনেত্রীর মতো আচরণ না করার কটাক্ষ করেন। পালটা কণিকা জানান, একজন সফল টেলি অভিনেত্রী হিসেবে তিনি গর্বিত।
এখানেই শেষ নয়, এর আগেও গুল্লু ও কণিকার সম্পর্ক নিয়ে মজা করতে দেখা গিয়েছিল ইয়ুংকে। কণিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পর গুল্লুর আচরণ বদলে গিয়েছে—এমন মন্তব্যও করেছিলেন তিনি।
সব মিলিয়ে ক্যাপ্টেনসি, বাড়ির কাজ এবং শৌচালয় ব্যবহারের মতো একাধিক বিষয়কে কেন্দ্র করে ষষ্ঠ পর্বে কণিকা ও ইয়ুংয়ের দ্বন্দ্ব নতুন মাত্রা পেল। বিগ বসের ঘরে এই ঝামেলা আগামী দিনে তাঁদের সম্পর্ককে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.