গান বাঁধলেন পরিচালক সৃজিত! ‘সইতে সইতে’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সঙ্গীত মহলে

চিত্রপরিচালক হিসেবে তাঁর পরিচিতি বহুদিনের। তবে এবার নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়কে। তাঁর আগামী ছবি ‘এম্পেরর ভার্সাস শরৎচন্দ্র’-এ পরিচালক সৃজিতের লেখা ও সুর করা গান শোনা যাবে। ‘সইতে সইতে’ নামের এই গানটি গেয়েছেন তিমির বিশ্বাস।

সৃজিতের সঙ্গীতচর্চা অবশ্য একেবারে নতুন নয়। এর আগেও ‘অভিমান’ ছবিতে ‘আদর’ গানটির সুর করেছিলেন তিনি। তবে এবার নিজের লেখা কথা এবং নিজের সুরে সম্পূর্ণ একটি গান তৈরি করেছেন পরিচালক। ফলে স্বাভাবিকভাবেই গানটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে দর্শক ও সঙ্গীতপ্রেমীদের মধ্যে। চলচ্চিত্র পরিচালকদের সঙ্গীত পরিচালনার নজির অবশ্য রয়েছে। সঞ্জয় লীলা ভন্সালী এবং বিশাল ভরদ্বাজ নিজেদের ছবির জন্য সঙ্গীত তৈরি করেছেন। সত্যজিৎ রায় ও চার্লি চ্যাপলিনও চলচ্চিত্রের পাশাপাশি সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। সেই জায়গা থেকেই সৃজিতের এই নতুন প্রয়াসকে ঘিরে আলোচনা আরও বেড়েছে।

গানটি শুনেছেন একাধিক পরিচিত সঙ্গীতশিল্পী ও সুরকার। তাঁদের প্রতিক্রিয়াও একেবারে একরকম নয়। সৃজিতের গান শুনে প্রশংসা করেছেন অনুপম রায়। তাঁর মতে, পরিচালকের লেখার দক্ষতা গান লেখার ক্ষেত্রেও সাহায্য করে। সৃজিতের সঙ্গে একাধিক ছবিতে কাজ করা অনুপম মনে করেন, গানের প্রতি পরিচালকের বরাবরই গভীর ভালোবাসা রয়েছে। তাঁর কথায়, সৃজিতের মধ্যে গান লেখার পাশাপাশি সুরের প্রতিও স্বাভাবিক একটা অনুভূতি রয়েছে।

‘সইতে সইতে’ গানটি সম্পর্কে অনুপমের মত, সৃজিত যে ধরনের সুর পছন্দ করেন, এই গানেও তারই প্রতিফলন রয়েছে। কথা ও সুরের মধ্যে যথেষ্ট সামঞ্জস্য রয়েছে বলেও মনে করেন তিনি। তবে তবলাবাদক ও সুরকার তন্ময় বসুর প্রতিক্রিয়া কিছুটা আলাদা। তাঁর মতে, গানটি খারাপ নয়, কিন্তু এতে এমন কোনও অসাধারণ মিউজিক্যাল মুহূর্ত নেই, যা শুনে চমকে যেতে হয়। তাঁর বক্তব্য অনুযায়ী, দৃশ্যায়নের সঙ্গে গানটি মানানসই হলেও সুরের ক্ষেত্রে আরও অভিজ্ঞতার প্রয়োজন ছিল। সেই অভিজ্ঞতার ছাপ গানে খুব একটা পাওয়া যায়নি বলেই তাঁর মত।

অন্যদিকে গায়ক-গীতিকার সিধুর গানটি ভালো লেগেছে। বিশেষ করে সুরের চলনে বৈচিত্র তাঁকে আকৃষ্ট করেছে। সৃজিতের লেখার সঙ্গে তাঁর পূর্বপরিচয়ও রয়েছে। বহু বছর আগে সৃজিত তাঁদের ‘শুধু তুমি এলে না’ গানটি হিন্দিতে অনুবাদ করে দিয়েছিলেন বলে জানান সিধু। তখনই তাঁর লেখার দক্ষতা নজরে এসেছিল। ‘সইতে সইতে’ গানটির সুর নিয়ে সিধুর মত, গানটি একই সুরে একটানা এগিয়ে যায়নি। অন্তরা, সঞ্চারী-সহ বিভিন্ন অংশে সুরের বৈচিত্র রয়েছে বলেই তাঁর মনে হয়েছে।

‘পৃথিবী’ ব্যান্ডের গায়ক কৌশিক চক্রবর্তীর আবার সবচেয়ে বেশি ভালো লেগেছে গানের কথা। তাঁর মতে, সৃজিতের ছবির মতোই তাঁর গানের মধ্যেও নিজস্ব ভাবনার ছাপ রয়েছে। গানের কথার ব্যবহার এবং প্রয়োগ তাঁকে বিশেষভাবে আকর্ষণ করেছে। গানটির সঙ্গে সহজেই আবেগের জায়গা থেকে যুক্ত হতে পেরেছেন বলেও জানান তিনি। কৌশিকের মতে, সৃজিতের এই কাজ আরও অনেক আগেই করা উচিত ছিল। ভবিষ্যতে পরিচালককে আরও বেশি গান তৈরি করতে দেখা উচিত বলেও মনে করেন তিনি।

আরও পড়ুন,
Sourav-Suvosmita: আবারও আদুরে মুহূর্তে সৌরভ-শুভস্মিতা, মিষ্টি রসায়নে মুগ্ধ অনুরাগীরা

সব মিলিয়ে ‘সইতে সইতে’ গানটি নিয়ে সঙ্গীত মহলে প্রতিক্রিয়া মিশ্র হলেও, সৃজিতের এই নতুন উদ্যোগ যে নজর কেড়েছে, তা বলাই যায়। গানটির পাশাপাশি ছবির দৃশ্যায়নও ইতিমধ্যে আলোচনায় এসেছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে টোটা রায়চৌধুরীর অভিনয়ও প্রশংসা পাচ্ছে। ‘এম্পেরর ভার্সাস শরৎচন্দ্র’ ছবিতে আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী-সহ একাধিক অভিনেতাকে দেখা যাবে। সব ঠিক থাকলে দুর্গাপুজোর ঠিক আগে, আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক