ভাইফোঁটার আনন্দে মেতে উঠল রাজ-শুভশ্রীর পরিবার। ছোট্ট হাতে দাদা ইউভানের কপালে ফোঁটা দিল ইয়ালিনি। ভাই-বোনের মিষ্টি খুনসুটি আর ভালোবাসার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মুহূর্তের মধ্যেই সেই ছবি ও ভিডিও নজর কেড়েছে অনুরাগীদের।
ভাইফোঁটা মানেই ভাই-বোনের সম্পর্কের এক বিশেষ উদযাপন। এই দিনে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। প্রতিবছরের মতো এবারও উৎসবের আনন্দে মেতে উঠেছে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিবার। তবে এবারের আকর্ষণ ছিল তাঁর দুই সন্তান ইউভান ও ইয়ালিনি।
দিন যত এগোচ্ছে, ততই বড় হয়ে উঠছে ছোট্ট ইয়ালিনি। এবার বেশ সুন্দরভাবেই দাদা ইউভানকে ভাইফোঁটা দিতে দেখা গেল তাকে। অন্যদিকে, দাদা ইউভানের দুষ্টুমি যেন কিছুতেই কমার নয়। বোনের কাছ থেকে ফোঁটা নেওয়ার সময়ও তার খুনসুটি চলতে থাকে। এমনকী, বোনের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার মুহূর্তেও তার মজার আচরণ নজর কেড়েছে। বিশেষ দিনে ইউভানকে দেখা গিয়েছে সাদা রঙের কুর্তা-পাজামায়। অন্যদিকে, গোলাপি লেহেঙ্গায় সেজেছিল ছোট্ট ইয়ালিনি। দুই ভাই-বোনের সাজ এবং মিষ্টি মুহূর্ত দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। ছবিগুলি পোস্ট করে শুভশ্রী লিখেছেন, ‘দুষ্টুমি খুনসুটি আর অনেকটা ভালোবাসা।’
আসলে ভাই-বোনের সম্পর্কের মধ্যে ঝগড়া, মান-অভিমান কিংবা দুষ্টুমি থাকলেও ভালোবাসার জায়গাটা সবসময় আলাদা। ইউভান ও ইয়ালিনির মধ্যেও সেই সুন্দর সম্পর্কের ছবিই ফুটে উঠেছে। দুই সন্তানকে একসঙ্গে বড় হতে দেখার আনন্দ যে শুভশ্রীর কাছে কতটা বিশেষ, তা তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকেই স্পষ্ট।
অন্যদিকে, কাজের দিক থেকেও ব্যস্ত অভিনেত্রী। সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘দেশু ৭’। ছবির প্রচারের ব্যস্ততার পর আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। দীপাবলিতে কালীপুজোর আয়োজন থেকে শুরু করে ভাইফোঁটার আনন্দ— সবেতেই পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে দেখা যাচ্ছে শুভশ্রীকে।
তবে ভাইফোঁটার এই বিশেষ দিনে সবচেয়ে বেশি নজর কেড়েছে ইউভান ও ইয়ালিনির মিষ্টি রসায়ন। দাদার জন্য ছোট্ট বোনের ভালোবাসা আর দাদার দুষ্টুমি— সব মিলিয়ে নেটিজেনদের মন জয় করেছে এই খুদে জুটি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.