স্টার জলসার দর্শকদের জন্য আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘রাধা মাধব’। গত মাসেই চ্যানেলের তরফে এই নতুন সিরিয়ালের ঘোষণা করা হয়েছিল। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রথম ঝলক। আর সেই ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। কারণ, বহুদিন পর ছোটপর্দায় ফের কৃষ্ণলীলা ঘিরে কোনও ধারাবাহিক আসতে চলেছে।
প্রকাশ্যে আসা ঝলকে দেখা গিয়েছে, গাছের তলায় দাঁড়িয়ে আপন মনে বাঁশি বাজাচ্ছেন কৃষ্ণ। তাঁর সামনে বিশাল এক সরোবর, যেখানে ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকটি হাঁস। কৃষ্ণের বাঁশির সুর শুনে ছুটে আসছেন রাধা। এরপর দু’জনকে একসঙ্গে দোলনায় বসতেও দেখা যায়। সব মিলিয়ে ধারাবাহিকের প্রথম ঝলকেই ফুটে উঠেছে রাধা-কৃষ্ণের প্রেম ও পুরাণের আবহ।
তবে নতুন ধারাবাহিকের ঘোষণা হলেই দর্শকদের মনে প্রথম যে প্রশ্নটি আসে, তা হল—মুখ্য চরিত্রে দেখা যাবে কাদের? ‘রাধা মাধব’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। চ্যানেলের তরফে এখনও মুখ্য অভিনেতা-অভিনেত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে টলিপাড়ায় জোর গুঞ্জন, এই ধারাবাহিকে রাধা ও কৃষ্ণের চরিত্রে দেখা যেতে পারে রাজদীপ গোস্বামী এবং জয়িতা সান্যালকে।
আরও পড়ুন,
গোবিন্দার ছেলে যশবর্ধনের বিয়ের গুঞ্জন! পাত্রী কে?
শুধু মুখ্য জুটি নয়, ধারাবাহিকের প্রযোজনা নিয়েও শোনা যাচ্ছে নানা খবর। টলিপাড়ার অন্দরের খবর, ‘রাধা মাধব’-এর প্রযোজনার দায়িত্বে থাকতে পারে ফোর্থ ডাইমেনশন প্রোডাকশন হাউজ। যদিও এই বিষয়ে এখনও চ্যানেল কিংবা প্রযোজনা সংস্থার তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
ফলে রাজদীপ ও জয়িতাই সত্যিই রাধা-মাধবের ভূমিকায় থাকছেন কি না, কিংবা কারা এই পৌরাণিক কাহিনির মুখ্য চরিত্রে অভিনয় করবেন, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে ধারাবাহিকের প্রথম পূর্ণাঙ্গ প্রমোর জন্য। তবে প্রথম ঝলক প্রকাশের পর থেকেই ‘রাধা মাধব’কে ঘিরে যে আগ্রহ তৈরি হয়েছে, তাতে নতুন এই ধারাবাহিক যে দর্শকদের নজরে রয়েছে, তা বলাই যায়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.