দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার অধিকার সুনিশ্চিত করার দাবিতে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে ঘিরে উত্তপ্ত দেশের রাজনৈতিক মহল। তবে এই ইস্যুতে এখনও নীরব বলিউডের প্রথম সারির বহু তারকা। খান-কাপুরদের মতো বড় তারকাদের এই নীরবতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এই পরিস্থিতিতে সরব হলেন অভিনেত্রী স্বরা ভাস্কর।
রাজনৈতিক ও সামাজিক নানা ইস্যুতে বরাবরই স্পষ্টভাষী স্বরা সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে গিয়ে অনশনরত সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করেন। সেখানে দাঁড়িয়েই তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। স্বরার কথায়, বর্তমান সরকার নিজেদের ঔদ্ধত্য ও অহংবোধের কারণে সাধারণ মানুষের দাবি-দাওয়া থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে।
অভিনেত্রী বলেন, এই আন্দোলন শুধু বর্তমান প্রজন্মের জন্য নয়, তাঁর মেয়ের ভবিষ্যতের সঙ্গেও জড়িয়ে রয়েছে। তিনি চান, তাঁর মেয়ে যেন এই দেশেই বড় হয়ে ওঠে, পড়াশোনা করে এবং যে সুযোগ-সুবিধা তিনি পেয়েছেন, ভবিষ্যৎ প্রজন্মও যেন সেই সুযোগ পায়। একইসঙ্গে তিনি মন্তব্য করেন, “আমি চাই না, এমন পরিস্থিতি তৈরি হোক যে আমাকে বাধ্য হয়ে দেশ ছেড়ে দুবাইয়ে গোল্ডেন ভিসা নিয়ে থাকতে হবে।”

সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতি বলিউডের বড় অংশের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন স্বরা। তাঁর মতে, অনেক তারকাই হয়তো প্রকাশ্যে প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন। কারণ, সরকারের বিরুদ্ধে সরব হলে তাঁদেরও নানা বিতর্ক ও সমস্যার মুখে পড়তে হতে পারে।
এই প্রসঙ্গে স্বরা বলেন, “হয়তো আমার পরিস্থিতি দেখেই অনেকেই মুখ খুলতে চাইছেন না। তাঁরা জানেন, বেশি প্রতিবাদ করলে তাঁদেরও একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে।”
ওজস্বী কণ্ঠে সরস্বতী স্তোত্র, কৌশিকীর সুরমূর্ছনায় মুখরিত ‘বছরের বেস্ট ২০২৬’
তবে অভিনেত্রী স্পষ্ট করে দেন, কোনও ইস্যুর গুরুত্ব নির্ভর করে না তারকাদের অংশগ্রহণের উপর। সাধারণ মানুষকেই নিজেদের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যেতে হবে। তাঁর কথায়, “তারকাদের উপর অতিরিক্ত ভরসা করবেন না। কোনও সেলিব্রিটি প্রতিবাদ করলেই যে একটি আন্দোলন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এমনটা নয়। নিজেদের অধিকারের জন্য মানুষকেই এগিয়ে আসতে হবে।”
‘রাবতা’র সুরে মঞ্চ মাতালেন নিখিতা গাঁধী, সঙ্গীত বিভাগে ‘বছরের বেস্ট’ সম্মান
উল্লেখ্য, অতীতে আন্না হাজারের আন্দোলনের সময়ে বলিউডের বহু তারকাকে সরব হতে দেখা গেলেও, সোনম ওয়াংচুকের আন্দোলনের ক্ষেত্রে সেই একই দৃশ্য এখনও চোখে পড়েনি। আর সেই নীরবতাকেই এবার প্রকাশ্যে প্রশ্নের মুখে তুললেন স্বরা ভাস্কর।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.