মধ্যপ্রাচ্যে ফের অশনি সংকেত। আরব সাগরে এক নাটকীয় সামরিক ঘটনায় ইরানের একটি ড্রোন ধ্বংস করেছে মার্কিন যুদ্ধবিমান। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি অনুযায়ী, ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধবিমানবাহী জাহাজের দিকে ‘আগ্রাসী’ ভঙ্গিতে ধেয়ে আসা একটি ইরানি ড্রোনকে মাঝ আকাশেই গুঁড়িয়ে দেওয়া হয়। ধ্বংস হওয়া ড্রোনটির নাম শহিদ–১৩৯ এবং অভিযানটি চালায় মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধবিমান এফ–৩৫সি।
মার্কিন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে আরব সাগরে মোতায়েন রয়েছে। সেই সময়ই ইরানের ড্রোনটি বিনা প্ররোচনায় মার্কিন রণতরীর দিকে এগিয়ে আসে। ড্রোনটির উদ্দেশ্য ‘অস্পষ্ট’ হলেও তার উড়ানকে স্পষ্টতই হুমকিস্বরূপ ও আক্রমণাত্মক বলে মনে করা হয়। পরিস্থিতির গুরুত্ব বিচার করেই ড্রোনটি ধ্বংস করার সিদ্ধান্ত নেয় মার্কিন বাহিনী।
আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় কোনও মার্কিন সেনা আহত হননি এবং যুদ্ধজাহাজ বা সামরিক সরঞ্জামেরও কোনও ক্ষতি হয়নি। তবে এই ঘটনা আরব সাগর ও মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।
উল্লেখযোগ্যভাবে, গত কয়েক দিন ধরেই ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও মধ্যপ্রাচ্যের একাধিক দেশ—যারা আমেরিকার মিত্র হিসেবে পরিচিত—ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপর কোনও হামলা চালাতে দেওয়া হবে না।
এই আবহেই কয়েক দিন আগে মার্কিন সেনার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ইজরায়েলি সেনার চিফ অফ স্টাফ আয়ল জমির। পরবর্তীতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একাধিক বৈঠক করেন দেশের শীর্ষ সামরিক কর্তাদের সঙ্গে। এতে মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা আরও জোরালো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
উত্তেজনার পারদ আরও বাড়ে যখন সম্প্রতি হরমুজ প্রণালীতে মার্কিন পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার আটকানোর চেষ্টা করে ইরানি বাহিনী। অভিযোগ, ইরানের ছয়টি সশস্ত্র বোট ট্যাঙ্কারটিকে ঘিরে ফেলে। পরে মার্কিন রণতরী দ্রুত সেখানে পৌঁছে ট্যাঙ্কারটিকে নিরাপদে উদ্ধার করে।
এই সব ঘটনার জেরে আরব সাগর ও হরমুজ প্রণালী অঞ্চলে যুদ্ধের আশঙ্কা নতুন করে মাথাচাড়া দিয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে এখনও কূটনৈতিক আলোচনা চলছে। তবে পরপর সামরিক সংঘর্ষ ও উসকানিমূলক ঘটনার ফলে পরিস্থিতি যে যে কোনও মুহূর্তে আরও ভয়াবহ রূপ নিতে পারে, তা অস্বীকার করছেন না আন্তর্জাতিক মহলের একাংশ।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.