বর্তমানে বাজারচলতি বেবিফুডের চাহিদা বাড়লেও, চিকিৎসক ও পুষ্টিবিদদের একাংশ শিশুর জন্য এই ধরনের খাবার এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন। কারণ, দোকান থেকে কেনা বেবিফুড বা প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, প্রিজ়ারভেটিভ ও নানা রাসায়নিক উপাদান থাকে, যা শিশুর কোমল পাচনতন্ত্র ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য মোটেই ভাল নয়।
এক সময়, যখন বেবিফুডের এত রমরমা ছিল না, তখন শিশুরা বেড়ে উঠত বাড়িতে তৈরি টাটকা খাবার খেয়েই। চাল, ডাল, সব্জি, ফল—এই সাধারণ উপকরণ দিয়েই তৈরি হত শিশুর প্রতিদিনের খাবার। আজও সেই ঘরোয়া খাবারই শিশুর জন্য সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
চিকিৎসকদের মতে, শিশুর বয়স ছ’মাস পূর্ণ হলে ধীরে ধীরে কঠিন খাবার দেওয়া শুরু করা যায়। সেই সময় বাজারের সিরিয়াল বা প্যাকেটজাত খাবারের বদলে ঘরে তৈরি খাবার দিলে শিশুর শরীরে প্রয়োজনীয় পুষ্টি যেমন মিলবে, তেমনই রাসায়নিকের ক্ষতিকর প্রভাব থেকেও সে থাকবে দূরে।
কেনা সিরিয়ালের ঘরোয়া বিকল্প
বাজারের বেবি সিরিয়ালের বদলে বাড়িতেই তৈরি করা যায় পুষ্টিকর সিরিয়াল পাউডার। আতপ চাল, মুগ ডাল, ছোলা, মাখানা ও অল্প কিছু বাদাম ভাল করে ধুয়ে শুকিয়ে নিয়ে হালকা ভেজে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া সিরিয়াল। বায়ুরোধী পাত্রে রাখলে এই পাউডার এক মাস পর্যন্ত ব্যবহার করা যায়।
ডাল-সব্জি দিয়ে পাতলা খিচুড়ি
শিশুর জন্য সবচেয়ে নিরাপদ ও পরিচিত খাবারের মধ্যে খিচুড়ি অন্যতম। চাল, ডাল ও বিভিন্ন সব্জি একসঙ্গে সেদ্ধ করে অল্প ঘি দিয়ে তৈরি পাতলা খিচুড়ি সহজে হজম হয় এবং পুষ্টিগুণে ভরপুর।
রাগির সুজি
রাগি শিশুর জন্য অত্যন্ত উপকারী একটি শস্য। অল্প ঘি-এ রাগির আটা ভেজে দুধ দিয়ে রান্না করলে তৈরি হয় সুস্বাদু ও স্বাস্থ্যকর রাগির সুজি। তবে এক বছর বয়সের আগে চিনি বা গুড় না দেওয়াই ভাল।
ফলের পিউরি
প্যাকেটজাত ফলের রস বা হেল্থ ড্রিঙ্ক শিশুকে না খাওয়ানোই শ্রেয়। বাড়িতে আপেল, ন্যাশপাতি সেদ্ধ করে কলার সঙ্গে মিশিয়ে পিউরি বানালে শিশুর শরীরে প্রয়োজনীয় ফাইবার ও খনিজের ঘাটতি পূরণ হয়।
কুমড়োর স্যুপ
যে সব শিশু সব্জি খেতে চায় না, তাদের জন্য কুমড়োর স্যুপ হতে পারে ভাল বিকল্প। প্রাকৃতিক মিষ্টি স্বাদের কারণে শিশুরা সহজেই এই স্যুপ পছন্দ করে এবং প্রয়োজনীয় ভিটামিনও পায়।
সব মিলিয়ে বলা যায়, শিশুর সুস্থ বৃদ্ধি ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে বাজারচলতি বেবিফুডের উপর নির্ভর না করে ঘরেই সহজ উপায়ে তৈরি খাবার খাওয়ানোই সবচেয়ে নিরাপদ ও উপকারী।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.