প্রচণ্ড গরমে ত্বকের নানা সমস্যা যেন নিত্যসঙ্গী। রোদে বেরোলেই ত্বক শুষ্ক হয়ে যাওয়া, অতিরিক্ত তেল নিঃসরণ, ঘামাচি বা জ্বালাভাব—সব মিলিয়ে অস্বস্তি বাড়ে। এই সময় ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের মধ্যে অন্যতম কার্যকর হল গোলাপ জল। দীর্ঘদিন ধরেই রূপচর্চায় এর ব্যবহার জনপ্রিয়। কারণ, এটি ত্বককে ঠান্ডা রাখে, আর্দ্রতা বজায় রাখে এবং ক্লান্ত ত্বকে এনে দেয় সতেজ অনুভূতি।
গোলাপ জল সব ধরনের ত্বকের জন্য উপযোগী। বিশেষ করে সংবেদনশীল ত্বকের ক্ষেত্রেও এটি নিরাপদ বলে মনে করা হয়। নিয়মিত ব্যবহারে ত্বকের জ্বালা কমে এবং মুখে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা।
গরমের দিনে গোলাপ জল ব্যবহার করার একটি সহজ উপায় হল বরফ তৈরি করে নেওয়া। গোলাপ জল বরফের ট্রেতে জমিয়ে ছোট ছোট কিউব বানিয়ে রাখা যেতে পারে। মেকআপ করার আগে এক টুকরো গোলাপ জলের বরফ মুখে হালকা করে ঘষে নিলে ত্বক ঠান্ডা হয় এবং মেকআপ দীর্ঘক্ষণ ঠিক থাকে। পাশাপাশি মুখেও আসে সতেজ আভা।
ফেসপ্যাক তৈরিতেও গোলাপ জল দারুণ কার্যকর। চন্দনের গুঁড়ো বা মুলতানি মাটির সঙ্গে সাধারণ জলের বদলে গোলাপ জল মিশিয়ে প্যাক বানালে তা ত্বকের অতিরিক্ত তেল শোষণ করতে সাহায্য করে। একই সঙ্গে ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল দেখায়।
চোখের নীচের কালচে দাগ বা ক্লান্ত ভাব কমাতেও গোলাপ জল ব্যবহার করা যায়। তুলোয় গোলাপ জল ভিজিয়ে চোখের নীচে কিছুক্ষণ রেখে দিলে চোখের চারপাশের ত্বকে শীতল অনুভূতি আসে। এতে ফোলা ভাব ও হালকা প্রদাহও কমতে পারে।
গরমে বাইরে বেরোলে মুখ বারবার শুকিয়ে যায়। সেই সমস্যা দূর করতে ঘরেই বানিয়ে নেওয়া যায় ফেস মিস্ট। একটি স্প্রে বোতলে গোলাপ জল ভরে ফ্রিজে রেখে দিন। বাইরে বেরোনোর সময় সঙ্গে রাখুন। রোদে ক্লান্ত লাগলে মুখে স্প্রে করলেই মিলবে আরাম ও সতেজতা।
ত্বকের যত্নে সহজ, সাশ্রয়ী এবং প্রাকৃতিক উপাদান হিসেবে গোলাপ জল গরমকালে হতে পারে ভরসার সঙ্গী। নিয়মিত ব্যবহার করলে ত্বক থাকবে ঠান্ডা, সতেজ ও প্রাণবন্ত।