বাংলা ও হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ Puja Banerjee আবারও মাতৃত্বের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন বলে জোর চর্চা চলছে বিনোদন মহলে। সম্প্রতি নিজের সাধভক্ষণ অনুষ্ঠানের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। আর সেই অনুষ্ঠান ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা—তাহলে কি এবার কন্যাসন্তানের মা হতে চলেছেন তিনি?
২০২০ সালে লকডাউনের সময় অভিনেতা Kunal Verma-র সঙ্গে আইনি বিয়ে সারেন পূজা। যদিও তাঁদের সম্পর্ক এবং বাগদানের খবর আরও আগেই প্রকাশ্যে এসেছিল। বিয়ের কিছু মাসের মধ্যেই তাঁদের কোলজুড়ে আসে ছেলে কৃষিভ। এরপর থেকেই পরিবার ও মাতৃত্বকে ঘিরে নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে পূজা জানান, তিনি দ্বিতীয়বার মা হতে চলেছেন। সেই ভিডিওতে প্রেগনেন্সি কিট দেখানোর পাশাপাশি অন্তঃসত্ত্বাকালীন শারীরিক অসুস্থতার কথাও উঠে আসে। শরীর খারাপের কারণে মন খারাপ করে শুয়ে থাকা পূজাকে ছোট্ট ছেলে কৃষিভ আদর করে মন ভালো করে দেয়—সেই আবেগঘন মুহূর্তও ধরা পড়ে ভিডিওতে।
এবার সামনে এসেছে তাঁর সাধভক্ষণ অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্ত। গোলাপি শাড়িতে সেজে পরিবারের সদস্যদের আশীর্বাদ নিতে দেখা যায় অভিনেত্রীকে। কখনও স্বামীর সঙ্গে হাসিমুখে ছবি তুলছেন, আবার কখনও পরিবারের প্রবীণদের কাছ থেকে শুভেচ্ছা নিচ্ছেন তিনি। ভিডিওতে স্পষ্ট দেখা যায় তাঁর বেবি বাম্পও।
তবে সবকিছুর মাঝেও সবচেয়ে বেশি নজর কাড়ে একটি ছোট মেয়ে পুতুল। অনুষ্ঠান জুড়ে সেই পুতুলটিকে কোলে নিয়েই দেখা যায় পূজাকে। আর তা দেখেই অনুরাগীদের একাংশের ধারণা, হয়তো এবার কন্যাসন্তানের অপেক্ষাতেই রয়েছেন অভিনেত্রী। কেউ আবার মনে করছেন, এটি শুধুই মনের ইচ্ছার প্রতীক—ছেলের পর একটি মেয়ের মা হওয়ার স্বপ্নই হয়তো এভাবেই প্রকাশ করেছেন পূজা।
ভিডিও পোস্ট করে অভিনেত্রী সকলের আশীর্বাদও কামনা করেছেন। তাঁর এই বিশেষ মুহূর্তে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
উল্লেখ্য, বাংলা সিনেমা দিয়েই অভিনয়জগতে নিজের পরিচিতি তৈরি করেছিলেন পূজা। ‘মাচো মস্তানা’, Challenge 2, ‘রকি’, ‘হইচই আনলিমিটেড’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ওয়েব সিরিজ এবং হিন্দি ধারাবাহিকেও নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন অভিনেত্রী। এছাড়া বিভিন্ন রিয়্যালিটি শোতেও দেখা গিয়েছে তাঁকে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.