বাংলার রেল মানচিত্রে ফের এক ঐতিহাসিক সংযোজনের ঘোষণা করল কেন্দ্র। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের পর এবার বুলেট ট্রেনও ছুটবে বাংলার মাটি ছুঁয়ে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দেশের প্রথম বুলেট ট্রেন বারাণসী–পটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত চলবে। এই হাইস্পিড রেল প্রকল্প বাস্তবায়িত হলে বারাণসী থেকে শিলিগুড়ি পৌঁছতে সময় লাগবে তিন ঘণ্টারও কম।
রেলমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, প্রস্তাবিত বুলেট ট্রেনের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৩২০ কিলোমিটার। অর্থাৎ দীর্ঘ ১৮ ঘণ্টার রেলযাত্রা কমে আসবে কয়েক ঘণ্টায়। এই করিডরটি শুধুই উত্তর ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করবে না, বরং দেশের হাইস্পিড রেল নেটওয়ার্কে বাংলাকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে।
চলতি বছরের কেন্দ্রীয় বাজেটেই শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত একটি হাইস্পিড রেল করিডর তৈরির ঘোষণা করা হয়েছে। এই করিডর দিয়েই চালানো হবে বুলেট ট্রেন। একইসঙ্গে বারাণসী থেকে দিল্লি পর্যন্ত আরও একটি হাইস্পিড রেল করিডরের কথাও জানিয়েছেন রেলমন্ত্রী। এই দুটি করিডর সম্পূর্ণ হলে শিলিগুড়ি থেকে দিল্লি যাওয়া যেখানে এখন প্রায় ১৮ ঘণ্টার বিষয়, সেখানে ভবিষ্যতে মাত্র ৬–৭ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া সম্ভব হবে।
উত্তর-পূর্ব ভারতের দিকেও নজর রয়েছে রেলের। শিলিগুড়িকে কেন্দ্র করে যে হাইস্পিড করিডর তৈরি হবে, তা ভবিষ্যতে গুয়াহাটি পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ আরও দ্রুত ও মজবুত হবে।
রেলমন্ত্রীর আরও ইঙ্গিত, মেট্রোর মতো প্রযুক্তি ব্যবহার করে কিছু অংশে বুলেট ট্রেন মাটির তলা দিয়ে চালানোর পরিকল্পনাও রয়েছে। যদিও ঠিক কোন এলাকায় সুড়ঙ্গপথ তৈরি হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।
সব মিলিয়ে, ভোটমুখী বাংলার জন্য এটি এক বড় রেল-উপহার বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বাস্তবায়ন হলে দেশের হাইস্পিড রেল যুগে প্রবেশের প্রথম দরজা খুলবে বাংলার হাত ধরেই।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.