কলকাতার রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চার জন্ম দিলেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত এই বর্ষীয়ান নেতা এবার প্রকাশ্যেই দলের নেতৃত্ব বদলের দাবি তুলেছেন। একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি সরাসরি জানিয়েছেন, বর্তমান নেতৃত্ব কর্মীদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে এবং সেই কারণেই পরিবর্তন প্রয়োজন।
সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কাদের বদলাতে চান? উত্তরে তারক সিং স্পষ্ট ভাষায় বলেন, যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের পরিবর্তন দরকার। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝানো হচ্ছে কি না জানতে চাইলে তিনি নির্দ্বিধায় বলেন, “হ্যাঁ, নিশ্চয়ই। অন রেকর্ড বলছি। ভয় পাই নাকি!”
তারক সিংয়ের কথায়, যে নেতৃত্ব কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে পারে না এবং সংগঠনকে সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়, সেই নেতৃত্বের পরিবর্তন হওয়া উচিত। তিনি আরও বলেন, দল যদি তাঁকে বহিষ্কারও করে, তাতেও তাঁর কিছু যায় আসে না।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রশ্ন করা হলে তারক সিং সরাসরি কোনও মন্তব্য করতে চাননি। তবে তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন, “অভিষেককে যিনি তৈরি করেছেন, আমার আপত্তি তাঁর বিরুদ্ধেই।”
দলের জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত তারক সিং প্রায় চার দশকেরও বেশি সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। কলকাতা পুরসভার কাউন্সিলর হিসেবে দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। পাশাপাশি প্রায় ১৬ বছর ধরে মেয়র পারিষদের দায়িত্বও সামলাচ্ছেন। তাঁর পরিবারের সদস্যরাও তৃণমূল রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।
সম্প্রতি লোকসভা নির্বাচনের ফলাফল নিয়েও দলের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, ভোটে হারার পরও মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেননি এবং নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুললেও সেই অভিযোগের পক্ষে যথাযথ আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি।
তারক সিংয়ের বক্তব্য অনুযায়ী, নির্বাচনে কারচুপির অভিযোগ করা হলেও নির্দিষ্টভাবে কোথায় অনিয়ম হয়েছে তা স্পষ্ট করা হয়নি। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও থানায় অভিযোগ দায়ের বা নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলেও দাবি করেন তিনি। তাঁর মতে, যদি নির্বাচনকে সত্যিই মানা না হয়, তাহলে পরে সংসদীয় প্রক্রিয়ায় অংশ নেওয়া বা বিরোধী দলের ভূমিকা গ্রহণ করার মধ্যে বিরোধ রয়েছে।
তৃণমূলের অন্দরে এমন প্রকাশ্য মতভেদ সামনে আসায় রাজনৈতিক মহলে জল্পনা তীব্র হয়েছে। ভোটের ফল প্রকাশের অল্প সময়ের মধ্যেই দলের এক বর্ষীয়ান নেতার এই মন্তব্য ঘিরে তৃণমূলের অন্দরমহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।

Hello, I am BB. I have been working in blogging for more than five years.