বাংলা অভিনয় জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী(Sabyasachi Chakraborty)। ‘শ্বেত পাথরের থালা’ থেকে ‘ফেলুদা’— প্রতিটি চরিত্রেই তিনি নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। ৭ আগস্ট মুক্তি পেল তাঁর প্রথম ওয়েব সিরিজ। দীর্ঘ অভিনয় জীবনে সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই কৌতূহল ছিল দর্শকদের। তবে তাঁর কোনও প্রেম, পরকীয়া বা মহিলা বন্ধুকে ঘিরে কখনও তেমন কোনও আলোচনা শোনা যায়নি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়েই প্রশ্নের মুখোমুখি হন অভিনেতা। তাঁকে জিজ্ঞাসা করা হয়, কেন তাঁর কোনও সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে আসেনি?
এর উত্তরে সব্যসাচী চক্রবর্তী স্পষ্ট জানিয়েছেন, তিনি প্রেমে পড়েননি— এমন নয়। বরং বহুবার প্রেমে পড়েছেন, তবে কোনও মানুষের নয়।
অভিনেতার কথায়, “কে বলেছে আমি প্রেমে পড়িনি? আমি বারবার প্রেমে পড়েছি। আমি প্রকৃতির প্রেমে পড়েছি, আমি বন্যপ্রাণের প্রেমে পড়েছি, আমি ক্যামেরার প্রেমে পড়েছি। কিন্তু আমি কখনও কোনও মানুষের প্রেমে পড়িনি।”
কেন মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াননি, সেই প্রশ্নের উত্তরে সব্যসাচীর সোজাসাপ্টা মন্তব্য, “মানুষ ভীষণ ভয়ংকর। সে যে কখন কী করবে, কেউ বলতে পারে না। মানুষের সঙ্গে কোনও রিলেশনশিপ না রাখাই ভালো। আমি যখন একটি সম্পর্কে আছি, তখন অন্য কোনও সম্পর্কে থাকার প্রয়োজন নেই। আমি শুধু আমার পরিবারের কথাই ভাবতে চাই এবং পরিবারের সঙ্গেই থাকতে চাই।”
অভিনেতার এই মন্তব্য ইতিমধ্যেই দর্শকদের মধ্যে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবনকে আলোচনার বাইরে রেখে তিনি বরাবরই পরিবার ও কাজকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
সাক্ষাৎকারে তাঁকে আরও প্রশ্ন করা হয়, একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে তিনি কীভাবে মানুষের মনে স্মরণীয় হয়ে থাকতে চান?
এই প্রশ্নের উত্তরে সব্যসাচী চক্রবর্তী বিনয়ের সঙ্গে বলেন, “আমি একদমই চাই না আমাকে কেউ মনে রাখুক। কেন আমাকে কেউ মনে রাখবে? কাকে কে মনে রেখেছে? নোবেল পুরস্কার প্রথম কে পেয়েছেন, সেটা কি সবাই জানে? তাহলে আমাকে মনে রাখবে কেন? আমি চাইও না আমাকে কেউ মনে রাখুক।”
অভিনেতার এই দর্শন তাঁর ব্যক্তিত্বের আরেকটি দিক তুলে ধরে— যেখানে খ্যাতির চেয়ে পরিবার, কাজ এবং নিজের বিশ্বাসকেই তিনি বেশি গুরুত্ব দেন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.