উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধন্দ

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে উদ্ধার হল এমএসসি প্রথম বর্ষের এক ছাত্রীর ঝুলন্ত দেহ। মৃত ছাত্রীর নাম তৃষা সাহা (২২)। তাঁর বাড়ি শিলিগুড়ির শিবমন্দির এলাকায়। বৃহস্পতিবার সকালে হস্টেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দীর্ঘক্ষণ তৃষার ঘরের দরজা বন্ধ ছিল। সহপাঠীরা বেশ কয়েক বার তাঁকে ডাকাডাকি করলেও কোনও সাড়া পাননি। এরপর বিষয়টি হস্টেল ইনচার্জ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়। খবর দেওয়া হয় পুণ্ডিবাড়ি থানাতেও।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতিতে হস্টেলের ঘরের দরজা ভাঙা হয়। ঘরের ভিতরে তৃষাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পুলিশকর্মীরা। এরপর তাঁকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

প্রাথমিক ভাবে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করছে। তবে কী কারণে তৃষা এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। তাঁর মৃত্যুর নেপথ্যে কোনও কারণ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

তৃষার মামা পার্থপ্রতিম সাহা জানান, বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে তাঁদের ফোন করে ঘটনার কথা জানানো হয়। কী ভাবে এবং কেন এই ঘটনা ঘটল, তা তাঁরা এখনও বুঝে উঠতে পারছেন না বলে জানান তিনি।

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, তৃষা হস্টেলের একটি সিঙ্গল রুমে থাকতেন। সকালে সহপাঠীরা বহু বার ডাকাডাকি করেও তাঁর সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষকে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে ঘরের ভিতর থেকে তৃষার ঝুলন্ত দেহ উদ্ধার করে।

ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য সামনে আসতে পারে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক