জন্মদিন মানেই কাছের মানুষদের সঙ্গে আনন্দ, ভালোবাসা আর উদযাপন। আর সেই বিশেষ দিনটিই এবার আরও স্মরণীয় হয়ে উঠল গায়িকা ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) জীবনে। মধ্যরাতে স্বামী নীলাঞ্জন ঘোষ এবং পরিবারের সদস্যদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সূচনা করেন তিনি। ঘরোয়া পরিবেশেই শুরু হয়েছিল উদযাপন। তবে রাত বাড়তেই জমে ওঠে বিশেষ পার্টি।
জন্মদিনের পার্টিতে এক ঝাঁক তারকার উপস্থিতি নজর কাড়ে। তবে সকলের নজর কেড়েছে ইমন ও তাঁর স্বামী নীলাঞ্জনের একাধিক ছবি। সেই ছবিগুলির মধ্যে একটি ছবিতে স্বামীর ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসায় মাখা মুহূর্ত ক্যামেরাবন্দি করতে দেখা যায় ইমনকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে। জন্মদিনের পার্টিতে ইমনের সাজেও ছিল বিশেষ আকর্ষণ। নীল-সাদা রঙের পোশাকে সেজেছিলেন গায়িকা। খোলা চুল এবং মানানসই মেকআপে তাঁকে বেশ সুন্দর দেখাচ্ছিল। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে হাসি-আনন্দে সময় কাটাতে দেখা যায় তাঁকে।
ইমনের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজও। কিছুদিন আগেই রাখির সময় কাঞ্চনকে রাখি পরিয়েছিলেন ইমন। ফলে তাঁদের মধ্যে যে এক ধরনের পারিবারিক ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, তা বলাই যায়। এছাড়াও উপস্থিত ছিলেন ইমনের বাবা, সর্বক্ষণের সঙ্গী জেঠু, স্বামী নীলাঞ্জন এবং আরও বেশ কিছু কাছের মানুষ। জন্মদিনের রাতের বেশ কিছু মজাদার মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন ইমন। ছবিগুলি পোস্ট করে তিনি লেখেন, ‘আমার জীবনের সাউন্ড ট্র্যাকে আর একটা বছর যুক্ত হল। আমি চির কৃতজ্ঞ এই মানুষগুলোর কাছে।’ তাঁর এই পোস্ট থেকেই স্পষ্ট, প্রিয়জনদের সঙ্গে কাটানো জন্মদিনের রাতটি তাঁর কাছে অত্যন্ত বিশেষ হয়ে উঠেছিল।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। জাতীয় পুরস্কার থেকে বঙ্গভূষণ—তাঁর ঝুলিতে রয়েছে একাধিক সম্মান। নিজের গানের জন্য যেমন প্রশংসা পেয়েছেন, তেমনই বিভিন্ন সময়ে নানা মন্তব্য ও কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাঁকে। যদিও সমালোচনাকে খুব একটা গুরুত্ব না দিয়ে নিজের কাজেই মন দিতে দেখা যায় গায়িকাকে।
ব্যক্তিগত জীবনেও দীর্ঘদিনের সম্পর্কে রয়েছেন ইমন। ২০২১ সালে নীলাঞ্জন ঘোষকে ভালোবেসে বিয়ে করেন তিনি। দেখতে দেখতে তাঁদের দাম্পত্য জীবনের চার বছর পূর্ণ হয়েছে। কাজের ব্যস্ততার পাশাপাশি পরিবার ও প্রিয়জনদের আগলে রাখতেই বেশি স্বচ্ছন্দ ইমন। আর এবারের জন্মদিনেও সেই ছবিটাই আরও একবার ধরা পড়ল।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.
