২০০৮ সালের ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার ভয়াবহ স্মৃতি আজও ভারতবাসীর মনে তাজা। সেই হামলার অন্যতম প্রধান অভিযুক্ত আজমল কাসভকে ঘিরে এবার প্রকাশ্যে এল একটি চাঞ্চল্যকর তথ্য। কাসভের বিচারপর্বের সঙ্গে যুক্ত তৎকালীন বিশেষ সরকারি আইনজীবী উজ্জ্বল নিকমের মুখে সেই ঘটনা শুনে মঞ্চেই তীব্র প্রতিক্রিয়া জানান অমিতাভ বচ্চন।
সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-র বিশেষ পর্ব ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্বল নিকম’-এ উপস্থিত ছিলেন উজ্জ্বল নিকম। তাঁর সঙ্গে অতিথি হিসেবে ছিলেন অভিনেতা রাজকুমার রাও এবং অভিনেত্রী ওয়ামিকা গব্বি। অনুষ্ঠানে ২৬/১১ হামলা ও কাসভের বিচারপ্রক্রিয়া নিয়ে আলোচনা চলাকালীন উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ।
কাসভের মৃত্যুদণ্ড কার্যকর করতে এত সময় কেন লেগেছিল, তা নিয়ে প্রশ্ন তোলেন অমিতাভ। তিনি বলেন, এত বড় অপরাধীর ক্ষেত্রে শাস্তি কার্যকর করতে চার বছর সময় লাগা নিয়ে তাঁর প্রশ্ন রয়েছে।
এরপর কাসভের সঙ্গে আদালতে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা জানান উজ্জ্বল নিকম। তাঁর কথায়, আদালতে প্রথমবার কাসভকে দেখার সময় দু’জনের চোখাচোখি হয়েছিল। এরপরই তিনি জানান, বিচার চলাকালীন কাসভ নানা ধরনের দাবি করেছিল। তার মধ্যে একটি ছিল অমিতাভ বচ্চনকে ঘিরে।
নিকম বলেন, কাসভ নাকি দাবি করেছিল, অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করতেই সে মুম্বই এসেছিল। এই কথা শুনেই চমকে যান অমিতাভ। পরিস্থিতি নিয়ে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রতিক্রিয়া জানান অভিনেতা। অমিতাভ বলেন, সত্যিই যদি কাসভ তাঁর বাড়ির দিকে আসত, তাহলে সে জীবিত ফিরে যেতে পারত না। তাঁর কথায়, বাড়ি থেকেই তাকে গুলি করে দেওয়া হত। উজ্জ্বল নিকম আরও জানান, বিচারপ্রক্রিয়ার সময় কাসভ সাজা এড়ানোর জন্য একাধিক দাবি করেছিল। এমনকি নিজেকে নাবালক বলেও দাবি করেছিল সে। বয়স নিয়ে সেই দাবি নিয়েও আইনি প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছিল।
২৬/১১ হামলার ঘটনায় কাসভকে গ্রেফতার করা হয়েছিল এবং দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর ২০১২ সালে মহারাষ্ট্রের পুণের ইয়েরওয়াড়া জেলে তার ফাঁসি কার্যকর হয়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.