২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি প্রয়াত হন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা তাপস পাল। দেখতে দেখতে তাঁর মৃত্যুর ছয় বছর কেটে গিয়েছে। বেঁচে থাকলে ২৯ সেপ্টেম্বর ৬৮ বছরে পা দিতেন অভিনেতা। প্রতি বছর এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় স্বামীর উদ্দেশে আবেগঘন বার্তা লেখেন তাঁর স্ত্রী নন্দিনী পাল। এ বছরও তার ব্যতিক্রম হল না।
তাপস পালের জন্মদিনে লাল হৃদয়ের ইমোজি দিয়ে নন্দিনী লেখেন, ‘শুভ জন্মদিন, আমার স্বামী।’ এরপরই তাঁর লেখায় ফুটে ওঠে প্রিয় মানুষকে হারানোর গভীর যন্ত্রণা। নন্দিনীর কথায়, তাপস আজ শারীরিকভাবে পাশে না থাকলেও প্রতিটি মুহূর্তে তিনি যেন স্বামীর উপস্থিতি অনুভব করেন।
এবারের জন্মদিন নন্দিনীর কাছে আরও বিশেষ। কারণ, বাবার জন্মদিনের আগেই বিগ বসের ঘর থেকে বাড়ি ফিরেছেন তাপস-নন্দিনীর মেয়ে সোহিনী পাল। মেয়েকে নিয়ে নিজের অনুভূতির কথাও লেখেন নন্দিনী। তাঁর বিশ্বাস, বিগ বসের ঘরে থাকাকালীন তাপস যেন অদৃশ্যভাবে মেয়ের পাশে ছিলেন, তাঁকে দেখেছেন এবং আগলে রেখেছেন।
স্বামী হিসেবে তাপসের পাশাপাশি বাবা হিসেবেও তাঁর স্মৃতিচারণ করেছেন নন্দিনী। সোহিনীর জন্মের সময় শুটিং সেট থেকে ছুটি নিয়ে ফিরে আসার দিনটির কথা মনে পড়েছে তাঁর। দীর্ঘ দাম্পত্য জীবনের নানা স্মৃতির পাশাপাশি মেয়েকে জীবনের সবচেয়ে বড় উপহার বলেও উল্লেখ করেছেন নন্দিনী। তাপসের সঙ্গে তাঁদের ৪২ বছরের দাম্পত্য সম্পর্কের কথাও উঠে এসেছে নন্দিনীর লেখায়। তিনি জানিয়েছেন, তাপস আজ তাঁদের মধ্যে শারীরিকভাবে না থাকলেও জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তাঁর স্বামী হয়েই থাকবেন।
তবে নন্দিনীর চিঠির সবচেয়ে আবেগঘন অংশ তাপসকে নিয়ে তাঁর মূল্যায়ন। তিনি লিখেছেন, তাপস কোনও নিখুঁত মানুষ ছিলেন না, আবার কোনও ল্যাবে তৈরি হিরেও ছিলেন না। বরং মাটির গভীর থেকে উঠে আসা এক হিরের সঙ্গে তাঁর তুলনা করেছেন নন্দিনী—যার মধ্যে যেমন কিছু অমসৃণতা ছিল, তেমনই ছিল অসাধারণ দীপ্তি।
স্বামীর ভালো দিকের পাশাপাশি তাঁর ভুল, অনুতাপ এবং জীবনের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেছেন নন্দিনী। তাঁর কথায়, জীবন, ভালোবাসা, ভুল, অনুতাপ ও অভিজ্ঞতাই ধীরে ধীরে তাপস পালকে গড়ে তুলেছিল। জন্মদিনে প্রয়াত স্বামীর উদ্দেশে নন্দিনীর এই আবেগঘন চিঠি ফের একবার সামনে এনে দিল তাঁদের দীর্ঘ দাম্পত্য ও ভালোবাসার স্মৃতি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.