Recipe: বিরিয়ানি, চাপ, মোগলাই কিংবা কবাবের মতোই কুলচাও এখন বাঙালির পছন্দের খাবারের তালিকায় বেশ জনপ্রিয়। বিশেষ করে বিয়েবাড়ি থেকে রেস্তরাঁ— সর্বত্রই দেখা মেলে নরম, তুলতুলে কুলচার। তবে বাড়িতে কুলচা বানানোর কথা উঠলেই অনেকের মনে প্রশ্ন আসে, তন্দুর ছাড়া কি আদৌ সম্ভব?
উত্তর— অবশ্যই সম্ভব। তন্দুর ছাড়াই ননস্টিক তাওয়া ও সামান্য জল ব্যবহার করে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন রেস্তরাঁর মতো কুলচা। বাইরে থাকবে হালকা মুচমুচে ভাব, ভিতরটা হবে নরম ও তুলতুলে।
কুলচার মণ্ড তৈরি করবেন যেভাবে
প্রথমে দেড় কাপ ময়দার সঙ্গে আধ চা-চামচ নুন, এক চিমটে বেকিং পাউডার এবং চার টেবিলচামচ টকদই মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে নরম মণ্ড তৈরি করুন।
মণ্ড তৈরি হয়ে গেলে উপর থেকে সামান্য তেল ছড়িয়ে আরও একবার ভালো করে মেখে নিন। এরপর মণ্ডটি ঢেকে প্রায় ৩০ মিনিট রেখে দিন। এই সময়টা দিলে কুলচা আরও নরম হবে।
এবার তৈরি করুন আলু-পনিরের পুর
একটি পেঁয়াজ কুচি করে তাতে সামান্য নুন মাখিয়ে রেখে দিন। পেঁয়াজ থেকে জল বেরিয়ে এলে সেই জল ভালো করে চিপে ফেলে দিন।
এবার একটি পাত্রে সেদ্ধ আলু, গ্রেট করা পনির, নুন, গোলমরিচ, ধনেপাতা কুচি, কাঁচালঙ্কা কুচি, জল ঝরানো পেঁয়াজ এবং চিলিফ্লেক্স দিয়ে ভালো করে মেখে নিন। তৈরি হয়ে গেল কুলচার সুস্বাদু পুর।
তন্দুর ছাড়াই কুলচা বানানোর কৌশল
ময়দার মণ্ড থেকে সমান আকারের লেচি কেটে নিন। প্রতিটি লেচির মধ্যে আলু-পনিরের পুর ভরে মুখ বন্ধ করে দিন। এরপর আলতো হাতে বেলে কুলচার আকার দিন।
এবার আসল কৌশল। একটি ননস্টিক তাওয়া ভালো করে গরম করে নিন। তাওয়া গরম হয়ে গেলে তার উপর বেশ খানিকটা জল ছিটিয়ে দিন। জল ফুটতে শুরু করলে দ্রুত তার উপর কুলচাটি রেখে দিন।
তাওয়া ঢেকে প্রায় ২ মিনিট রান্না করুন। এরপর ঢাকনা খুলে কুলচাটি উল্টে দিন। অন্য দিকটিও কিছুক্ষণ সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে গরমাগরম কুলচা।
Recipe: কষিয়ে রাঁধলে মাংসকেও হার মানাবে! বর্ষায় বানিয়ে ফেলুন ঝাল ঝাল ডুমুর-চিংড়ির ডালনা
তন্দুরের প্রয়োজন নেই, শুধু সঠিকভাবে মণ্ড মাখা এবং জল দিয়ে তাওয়া গরম রাখার কৌশল জানলেই বাড়িতেই তৈরি করতে পারবেন নরম-তুলতুলে, বাইরের দিকটা হালকা মুচমুচে কুলচা।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.