Recipe: ডুমুর খাওয়ার চল অনেক বাড়িতেই কমে এসেছে। ছোটদের কাছেও এই সব্জি খুব একটা জনপ্রিয় নয়। তবে ডুমুর একটু অন্যভাবে কষিয়ে রান্না করলে স্বাদ একেবারে বদলে যায়। তার সঙ্গে যদি চিংড়ি, আলু এবং মশলার মেলবন্ধন করা যায়, তা হলে তৈরি হবে দারুণ সুস্বাদু ডুমুর-চিংড়ির ডালনা।
বর্ষার দিনে গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল এই পদ বেশ জমে যায়। মাখা মাখা গ্রেভি ভাতের সঙ্গে মেখে খেলে স্বাদ আরও বাড়বে। খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই। বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই সহজে বানিয়ে ফেলতে পারেন এই বাঙালি পদ।
ডুমুর-চিংড়ির ডালনা বানাতে কী কী লাগবে?
*২০০ গ্রাম ডুমুর
*১০০ গ্রাম চিংড়ি
*১টি আলু
*৬ চা-চামচ সর্ষের তেল
*১টি তেজপাতা
*আধ চা-চামচ পাঁচফোড়ন
*১ চা-চামচ আদাবাটা
*১ চা-চামচ জিরেবাটা
*৩টি কাঁচালঙ্কা
*আধ চা-চামচ হলুদগুঁড়ো
*১ চা-চামচ ঘি
*১ চা-চামচ গরমমশলা গুঁড়ো
*স্বাদমতো নুন ও চিনি
কী ভাবে বানাবেন ডুমুর-চিংড়ির ডালনা?
প্রথমে ডুমুরগুলি ভাল করে বেছে নিয়ে হলুদ ও নুন দিয়ে ভাপিয়ে নিন। অন্য দিকে চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে সর্ষের তেলে হালকা করে ভেজে তুলে রাখুন।
এ বার একই কড়াইয়ে ডুমো ডুমো করে কাটা আলু ভেজে তুলে রাখুন। প্রয়োজনে সামান্য তেল যোগ করুন।
এর পর কড়াইয়ে পাঁচফোড়ন ও তেজপাতার ফোড়ন দিন। ফোড়ন ফুটে উঠলে হলুদগুঁড়ো, জিরেবাটা, আদাবাটা, নুন এবং চিরে রাখা কাঁচালঙ্কা দিয়ে ভাল করে কষাতে থাকুন। ঝাল বেশি পছন্দ হলে কাঁচালঙ্কার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন।
মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা আলু ও চিংড়ি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। এ বার ভাপিয়ে রাখা ডুমুর কড়াইয়ে দিয়ে মশলার সঙ্গে ভাল করে মিশিয়ে দিন।
এর পর অল্প পরিমাণ গরম জল দিন। বেশি জল দেবেন না—এই ডালনা একটু শুকনো ও মাখা মাখা হলেই খেতে বেশি ভাল লাগে। ঢেকে রান্না করুন, যতক্ষণ না আলু ও ডুমুর ভাল ভাবে সেদ্ধ হয়ে জল শুকিয়ে আসে।
সবশেষে অল্প চিনি দিয়ে নাড়াচাড়া করুন। আঁচ কমিয়ে ঘি ও গরমমশলা ছড়িয়ে একবার ভাল করে মিশিয়ে নামিয়ে নিন।
Recipe: দুধ খেলেই বদহজম? কাঠবাদামের দুধে বানান সুস্বাদু ফিরনি, রইল সঞ্জীব কপূরের বিশেষ পদ্ধতি
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ডুমুর-চিংড়ির ডালনা। সাধারণ ডুমুরের তরকারি নয়, চিংড়ি আর মশলার মেলবন্ধনে এই পদ বর্ষার দুপুরের ভোজে এনে দিতে পারে একেবারে অন্যরকম স্বাদ।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.