‘বিগ বস বাংলা’-র ঘরে খাবারকে কেন্দ্র করে ফের চড়ছে উত্তেজনার পারদ। সামান্য দু’টি শুকনো রুটি নিয়ে নন্দিনী ও ভরত কলের মধ্যে শুরু হওয়া বচসা গড়ায় তীব্র বাকবিতণ্ডায়। সেই সময় ভরত কলকে উদ্দেশ্য করে রাজবীরের মন্তব্য নিয়েও শুরু হয় বিতর্ক। গোটা ঘটনায় এবার প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন ভরত কলের স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়।
ঘটনার সূত্রপাত রাজবীরের জন্য নন্দিনীর দু’টি শুকনো রুটি সরিয়ে রাখা নিয়ে। ভুল করে সেই রুটি খেয়ে ফেলেন ভরত কল। বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেন নন্দিনী। বয়োজ্যেষ্ঠ অভিনেতার সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাজবীরও মন্তব্য করেন। ভরত কলকে উদ্দেশ্য করে তিনি বলেন, “তুমি কি ছাগল হয়ে গিয়েছ?” প্রবীণ অভিনেতাকে উদ্দেশ্য করে এমন মন্তব্যে ঘরের অন্য প্রতিযোগীরাও আপত্তি জানান। সৃজলা-সহ বেশ কয়েকজন প্রতিযোগী রাজবীরের আচরণের প্রতিবাদ করেন।
এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রুটি খাওয়ার বদলে রাজবীর ডিম দাবি করেন। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে ভরত কল হাত জোড় করে ক্ষমা চান।টেলিভিশনের পর্দায় গোটা ঘটনা দেখার পর ক্ষোভ চেপে রাখতে পারেননি ভরত কলের স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি লেখেন, “দুটো শুকনো সেঁকা রুটির জন্য এত অপমান! ছিঃ ছিঃ ছিঃ।” তাঁর অভিযোগের মূল নিশানায় ছিলেন নন্দিনী।
জয়শ্রী তাঁর পোস্টে রাজবীরের অতীতের একটি ঘটনার প্রসঙ্গও টেনে আনেন। তাঁর দাবি, যাঁর জন্য রাখা সেঁকা রুটি ভরত কল খেয়েছিলেন, তিনিই একসময় অন্য এক প্রতিযোগীর জন্য রাখা তিনটি পরোটা খেয়ে নিয়েছিলেন। তবে সেই ঘটনায় তাঁকে অপমান করা হয়নি বলেই দাবি জয়শ্রীর। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন ভরত কলকে হাতজোড় করে ক্ষমা চাইতে দেখে। জয়শ্রী লেখেন, “কাল সত্যি খুব খারাপ লেগেছে যখন হাত জোড় করে ক্ষমা চাইল।” পাশাপাশি নন্দিনীকে নিয়েও তীব্র মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, এই ঘটনার পর ওই প্রতিযোগীর জন্য তাঁর করুণা এবং ঘৃণা—দুই অনুভূতিই তৈরি হয়েছে।
তবে ‘বিগ বস’ যে একটি গেম শো, সেটিও স্বীকার করেছেন জয়শ্রী। প্রতিযোগীরা জেতার জন্যই লড়াই করেন এবং শেষ পর্যন্ত একজনই বিজয়ী হন। তবুও তাঁর মতে, গেমের অংশ হলেও কাউকে এভাবে অপমান করা সমর্থনযোগ্য নয়। রুটি-কাণ্ডের পর ‘বিগ বস বাংলা’-র ঘরের সম্পর্কের সমীকরণে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। নন্দিনী ও রাজবীরের আচরণ নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই ভরত কলকে ঘিরে জয়শ্রীর প্রকাশ্য ক্ষোভও আলোচনায় এসেছে। আগামী দিনে এই বিতর্ক ঘরের খেলায় কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.