১৭ বছরেই AI দুনিয়ায় সাম্রাজ্য! পুতিনের সঙ্গে সেলফি তুলে নজর কাড়ল ভারতের এই কিশোর

মাত্র ১৭ বছর বয়সেই কোটি টাকার ব্যবসা! নিজের সংস্থা চালানোর পাশাপাশি বাবাকেও মাসে ২ লক্ষ টাকা বেতন দেয় কেরালার এক কিশোর। বয়সে স্কুলপড়ুয়া হলেও প্রযুক্তির দুনিয়ায় তার পরিচিতি আন্তর্জাতিক স্তরে। এ বার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেলফি তুলে নতুন করে আলোচনায় উঠে এল সেই কিশোর। গোটা বিশ্বে সে পরিচিত ‘AI Kid of India’ নামে। তার আসল নাম রাউল জন আজু।

বর্তমানে দ্বাদশ শ্রেণির পড়ুয়া রাউল। মাত্র ১৭ বছর বয়সেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তিকে হাতিয়ার করে নিজের ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছে সে। সম্প্রতি রাশিয়ার মস্কোয় আয়োজিত আন্তর্জাতিক AI সম্মেলনে যোগ দিতে গিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাতের সুযোগ পায় এই কিশোর।

গত ২৬ নভেম্বর থেকে মস্কোয় শুরু হয়েছে তিন দিনের ‘AI Journey 2026’ সম্মেলন। বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তিবিদ, AI বিশেষজ্ঞ এবং তরুণ প্রতিভারা এই সম্মেলনে অংশ নিয়েছেন। ভারত থেকেও প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিল রাউল। সম্মেলনে তাকে ‘থিঙ্কক্রাফট’ (ThinkCraft) প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় করিয়ে দেয় রুশ দূতাবাস। এই সম্মেলনের ফাঁকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের সঙ্গে বৈঠক করে তরুণ AI প্রতিভাদের একটি দল। সেই দলে জায়গা করে নেয় কেরালার রাউলও। বৈঠকের পর পুতিনের সঙ্গে আলাদা করে সাক্ষাৎ করার সুযোগ পায় সে। তখনই রুশ প্রেসিডেন্টের সঙ্গে একটি সেলফি তুলে নেয় কিশোর। মুহূর্তের মধ্যে সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে আবেগঘন বার্তাও দিয়েছে রাউল। তার কথায়, ছোটবেলায় মজা করে ভিডিয়ো তৈরি করার দিন থেকে মাত্র ১৭ বছর বয়সে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার অভিজ্ঞতা—জীবন তাকে এমন কিছু সুযোগ দিয়েছে, যা একসময় স্বপ্নেও কল্পনা করেনি। তবে রাউলের এই সাফল্যের পিছনে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম এবং প্রযুক্তির প্রতি আগ্রহ। মাত্র ৯ বছর বয়স থেকেই প্রযুক্তি নিয়ে কাজ শুরু করে সে। সংবাদমাধ্যম UN News-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাউল জানিয়েছিল, তার বাবা Adobe-তে চাকরি করতেন। সেই সূত্রে Adobe-র বিভিন্ন প্রিমিয়াম টুল ব্যবহার করার সুযোগ পেয়েছিল সে। সেখান থেকেই প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আগ্রহ তৈরি হয়।

এর পর স্কুলের বিজ্ঞান প্রদর্শনীর জন্য ‘মিবট’ (MeBot) নামে একটি রোবট তৈরি করে রাউল। ধীরে ধীরে AI প্রযুক্তি নিয়ে তার কাজের পরিধি বাড়তে থাকে। একসময় নিজের উদ্যোগেই তৈরি করে AI Realm Technologies নামে একটি স্টার্টআপ। বর্তমানে রাউলের সংস্থায় কাজ করেন প্রায় ১৫ জন কর্মী। তার দাবি, বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় পাঁচ লক্ষ পড়ুয়াকে AI প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছে এই সংস্থা। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, এই সংস্থায় কর্মরত রয়েছেন রাউলের বাবাও।

সাধারণত ১৭ বছর বয়সে অনেকেই বাবা-মায়ের কাছ থেকে পকেটমানি নেয়। কিন্তু রাউলের ক্ষেত্রে ছবিটা সম্পূর্ণ আলাদা। নিজের সংস্থায় কাজ করার জন্য বাবাকেই মাসে প্রায় ২ লক্ষ টাকা বেতন দেয় সে। অল্প বয়সে এমন সাফল্য, আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিতি এবং পুতিনের সঙ্গে সাক্ষাৎ—সব মিলিয়ে এখন চর্চার কেন্দ্রে কেরালার এই বিস্ময় বালক।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক