‘লক্ষ্মীর ভান্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে তৃণমূল’, অন্নপূর্ণা-বিক্ষোভ নিয়ে মন্তব্য দিলীপের

অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা না পাওয়াকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বাড়ছে মহিলাদের ক্ষোভ। জেলায় জেলায় অবরোধ-বিক্ষোভের ছবি ধরা পড়ছে। কোথাও রাস্তায়, কোথাও রেললাইনে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। এই পরিস্থিতিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে নিশানা করে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় মহিলাদের বিক্ষোভ প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘যে ভাবে মুড়ি-মুড়কির মতো মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়েছে, তাতে অভ্যাস খারাপ হয়ে গিয়েছে।’’ তাঁর দাবি, সব সরকারি প্রকল্প সকলের জন্য নয়। নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতেই উপভোক্তা বাছাই করা হয়।

দিলীপের কথায়, ‘‘সব সুবিধা সবার জন্য নয়। কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প আছে, রাজ্য সরকারেরও নানা প্রকল্প রয়েছে। তারও একটা সীমা আছে। তার জন্য ক্রাইটেরিয়া ঠিক করা আছে। এর মধ্যে যাঁরা পড়বেন, তাঁরা পাবেন।’’ তিনি আরও বলেন, ‘‘দান মনে করে সবাই পাবেন, এটা হবে না। তৃণমূলই এই অভ্যাস খারাপ করে দিয়েছে।’’

উল্লেখ্য, ২০২১ সালে তৎকালীন রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করে। ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের মাসিক আর্থিক সহায়তা দেওয়ার এই প্রকল্প দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। ২০২৬ সালের বিধানসভা ভোটের প্রচারে বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের জন্য একই ধরনের প্রকল্পে তিন হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। পরে ‘অন্নপূর্ণা যোজনা’ নামে প্রকল্পটির সুবিধা কারা পাবেন, তার নির্দিষ্ট শর্তও জানানো হয়।

তবে প্রকল্প চালুর পর থেকেই যোগ্য-অযোগ্য বাছাই এবং টাকা পাওয়া নিয়ে নানা অভিযোগ সামনে আসছে। বহু মহিলার দাবি, তাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও এখনও টাকা পাননি। প্রশাসনের তরফে আগে জানানো হয়েছিল, অন্নপূর্ণা যোজনার যোগ্য উপভোক্তারা ১৭ অগস্ট থেকে টাকা পেতে শুরু করবেন। কিন্তু অনেকের অ্যাকাউন্টে টাকা না ঢোকায় ক্ষোভ ছড়ায়।

শুক্রবার সেই ক্ষোভই ছড়িয়ে পড়ে বিভিন্ন জেলায়। বিরাটিতে প্রায় এক ঘণ্টা রেললাইন অবরোধ করেন মহিলারা। পশ্চিম মেদিনীপুরেও জেলাশাসকের দফতরে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বিক্ষোভ দেখানো হয়। সেখানে বৈঠকে ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিক্ষোভরত মহিলাদের একাংশ ভবনের একতলায় ঢুকে পড়েন বলে জানা যায়।

অগ্নিমিত্রা সমস্যাটি স্থানীয় বিধায়কের কাছে জানানোর পরামর্শ দেন এবং বলেন, সরকার সবে ১০০ দিন পূর্ণ করেছে, তাই কিছুটা সময় দেওয়া প্রয়োজন। পরে তিনি অভিযোগ করেন, তৃণমূলের লোকেরাই গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন। গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানাবেন বলেও জানান তিনি।

অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে একদিকে যখন মহিলাদের বিক্ষোভ বাড়ছে, তখন অন্যদিকে সরকারের মন্ত্রীদের বক্তব্য ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। দিলীপ ঘোষের ‘অভ্যাস খারাপ’ মন্তব্য সেই বিতর্ককেই আরও উসকে দিল।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক