গ্রীষ্মের বাজারে এখন ঝিঙে, লাউ, পটলের মতো জলসমৃদ্ধ সব্জির রমরমা। শরীর ঠান্ডা রাখতে এবং হালকা খাবারের জন্য এই সময় ঝিঙে অনেকের রান্নাঘরের নিত্যসঙ্গী হয়ে ওঠে। তবে প্রায় প্রতিদিন একই ধরনের ঝিঙের তরকারি খেতে খেতে অরুচি চলে আসা অস্বাভাবিক নয়। সেই একঘেয়েমি কাটাতে চাইলে ঝিঙে দিয়েই বানিয়ে ফেলা যেতে পারে একটু অন্য স্বাদের পদ— সর্ষে, পোস্ত আর নারকেলের পুরভরা ঝিঙে ভাজা।
এই রান্নার বিশেষত্ব হল, সাধারণ ভাজা বা ঝোলের বদলে ঝিঙের ভিতর ভরে দেওয়া হয় মশলাদার পুর। সর্ষের ঝাঁঝ, পোস্তর মোলায়েম স্বাদ এবং নারকেলের হালকা মিষ্টত্ব মিলিয়ে তৈরি হয় অনন্য স্বাদের পুর, যা ঝিঙের স্বাভাবিক স্বাদকে আরও আকর্ষণীয় করে তোলে।
প্রথমে বড় আকারের ঝিঙে ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। তার পর দু’প্রান্ত বাদ দিয়ে ঝিঙেগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে ভিতরের নরম অংশ চামচের সাহায্যে বের করে নিতে হবে। এতে ঝিঙের ভিতরে পুর ভরার মতো জায়গা তৈরি হবে।

অন্য দিকে সর্ষে, পোস্ত, কাঁচালঙ্কা এবং নারকেল একসঙ্গে বেটে নিতে হবে। সেই মিশ্রণে পরিমাণমতো নুন মিশিয়ে তৈরি হবে পুর। এরপর ঝিঙের প্রতিটি টুকরোর ভিতরে যত্ন করে সেই পুর ভরে নিতে হবে।
রান্নার সময় একটি প্যানে সর্ষের তেল গরম করে তাতে পুরভরা ঝিঙেগুলি খাড়া করে বসিয়ে দিতে হবে। প্রথমে কিছুক্ষণ মাঝারি থেকে বেশি আঁচে রান্না করে পরে ঢেকে কম আঁচে ভাজতে হবে। কিছু সময় পর উল্টে দিয়ে অন্য দিকটিও সমান ভাবে ভেজে নিতে হবে। ধীরে ধীরে ঝিঙে নরম হবে এবং ভিতরের পুর সুন্দর ভাবে সেঁকে যাবে।
গরম ভাতের সঙ্গে এই পুরভরা ঝিঙে ভাজা পরিবেশন করলে সাধারণ দুপুরের খাবারেও আসবে নতুনত্ব। অল্প উপকরণে সহজে তৈরি হলেও স্বাদে এই পদ অনায়াসে মন জিতে নিতে পারে পরিবারের সকলের।