রূপ নিয়ে প্রশংসা যেমন পেয়েছেন, তেমনই বারবার শুনতে হয়েছে নানা মন্তব্য ও কটাক্ষ। কখনও ‘মিল্কি বিউটি’ তকমা, কখনও আবার গায়ের রং ও শারীরিক সৌন্দর্য নিয়ে বিতর্ক। এবার নিজের সৌন্দর্য এবং জীবনের শেষ বয়সে মানুষের চেহারা কেমন হয়, সেই প্রসঙ্গেই আধ্যাত্মিক গুরু সদগুরুর কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। আর তাঁর প্রশ্নের উত্তরে সদগুরু যা বললেন, তা নিছক সৌন্দর্যের সংজ্ঞার মধ্যেই সীমাবদ্ধ থাকল না। বরং উঠে এল জীবনের এক গভীর দর্শন।
ভারতীয় বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয়ের পাশাপাশি তাঁর সৌন্দর্য নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা চলে। বিশেষ করে তাঁর উজ্জ্বল গায়ের রঙের কারণে তাঁকে প্রায়ই ‘মিল্কি বিউটি’ বলে সম্বোধন করা হয়। তবে বাহ্যিক সৌন্দর্যের এই চর্চার মধ্যেই এবার সৌন্দর্যের প্রকৃত অর্থ খুঁজতে দেখা গেল অভিনেত্রীকে।
সম্প্রতি আধ্যাত্মিক গুরু জগ্গি বাসুদেব তথা সদগুরুর সঙ্গে একটি বিশেষ আলোচনায় অংশ নেন তামান্না। সেখানে তিনি জানতে চান, মানুষের জীবনের শেষ পর্যায়ে তার চেহারা কেমন হবে, তা কি জন্মগতভাবে নির্ধারিত থাকে, নাকি নিজের জীবনযাপন ও মানসিকতার মাধ্যমে মানুষ নিজেই তা তৈরি করে?
তামান্নার কথায়, মানুষের সঙ্গে দেখা হলে অনেকেই তাঁকে সুন্দরী বলে মনে করেন। কিন্তু বয়সের শেষ প্রান্তে পৌঁছে একজন মানুষের সৌন্দর্য কেমন থাকে, সেটাই তাঁর কৌতূহল। এই প্রসঙ্গেই তিনি সদগুরুর কাছে জানতে চান, সৌন্দর্য কি শুধুই জিনগত বৈশিষ্ট্যের ফল?
তামান্নার প্রশ্নের উত্তরে সদগুরু জানান, মানুষের নাক, চিবুক কিংবা মুখের গঠন জিনগত কারণে সুন্দর হতে পারে। তবে বাহ্যিক গঠনই সৌন্দর্যের একমাত্র মাপকাঠি নয়। একজন মানুষ নিজেকে কীভাবে গড়ে তুলছেন, তাঁর মানসিক অবস্থা কেমন এবং তিনি কতটা আনন্দের সঙ্গে জীবন কাটাচ্ছেন, তার উপরেও সৌন্দর্য অনেকটাই নির্ভর করে। সদগুরুর মতে, একজন মানুষের মুখে যদি আনন্দ ও হাসি থাকে, তাহলে তাঁর বাহ্যিক গঠন যেমনই হোক না কেন, তাঁকে সুন্দর দেখাবে। আর এই সৌন্দর্য অর্জন করার ক্ষমতা প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে।
নিজের লম্বা দাড়ির প্রসঙ্গ টেনে মজার ছলে সদগুরু বলেন, তিনিও এই দাড়ি নিয়েই দিব্যি সামলে নিচ্ছেন! তাঁর এই রসিকতায় হাসিতে ফেটে পড়েন তামান্না। পালটা অভিনেত্রীও বলেন, সদগুরু নিজেও অত্যন্ত সুন্দর। সব মিলিয়ে তাঁদের কথোপকথনে সৌন্দর্য নিয়ে এক অন্যরকম দৃষ্টিভঙ্গি উঠে আসে। তামান্নার সৌন্দর্য নিয়ে আলোচনা নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই তাঁকে ‘মিল্কি বিউটি’ বলে সম্বোধন করা হয়। তবে এই ধরনের পরিচয়ের আড়ালে অভিনেত্রীর অভিনয় দক্ষতা কিংবা ব্যক্তিত্ব ঢাকা পড়ে যাক, তা চান না তিনি।
২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি ছবিতে সাধ্বীর চরিত্রে অভিনয় করেছিলেন তামান্না। সেই সময় এক সাংবাদিক তাঁকে ‘মিল্কি বিউটি’ বলে উল্লেখ করেন। উত্তরে অভিনেত্রী প্রশ্ন তোলেন, একজন নারীকে সুন্দরী বলে মনে হলেই কেন তাঁর পক্ষে ‘শিব শক্তি’র মতো চরিত্রে অভিনয় করা সম্ভব নয় বলে ভাবা হবে? তামান্নার বক্তব্য ছিল, একজন নারীর সৌন্দর্য এবং তাঁর অভিনয়ক্ষমতাকে আলাদা করে দেখার কোনও কারণ নেই। বরং নারীদের নিজেদের গ্ল্যামার ও সৌন্দর্য উদযাপন করা উচিত। কারণ নিজেরা নিজেদের সম্মান না করলে অন্যের কাছ থেকেও সম্মান পাওয়া কঠিন।
নিজের রূপের কারণে অভিনয়ের ক্ষেত্রে কোনও সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে কি না, এমন প্রশ্নেরও জবাব দিয়েছিলেন অভিনেত্রী। তামান্না স্পষ্ট জানিয়েছিলেন, শুধুমাত্র সুন্দরী হওয়ার কারণে তিনি কাজের সুযোগ পাচ্ছেন না, এমন অভিযোগ তুলে নিজেকে ভুক্তভোগী হিসেবে দেখতে চান না। তাঁর মতে, একজন শিল্পী হিসেবে কোন মন্তব্য গ্রহণ করতে হবে এবং কোনটিকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যেতে হবে, সেই বোধ থাকা জরুরি। কারণ সব ধরনের মন্তব্যকে মনে জায়গা দিলে নিজের কাজে এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।
তামান্নার শরীর ও গায়ের রং নিয়ে বিতর্কের প্রসঙ্গ উঠলে অভিনেতা অন্নু কাপুরের মন্তব্যও সামনে আসে। গত বছর অক্টোবর মাসে শুভঙ্কর মিশ্রার ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকারে ‘আজ কি রাত’ গান প্রসঙ্গে তামান্নার শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন অন্নু কাপুর। তাঁর ব্যবহৃত ‘দুধিয়া বদন’ শব্দবন্ধ ঘিরে শুরু হয়েছিল তীব্র সমালোচনা। এরপর এক অনুষ্ঠানে এই ধরনের লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য নিয়ে মুখ খোলেন তামান্না। অভিনেত্রীর বক্তব্য ছিল, একজন সৃজনশীল মানুষকে বুঝতে হবে কোন কথাগুলি গ্রহণযোগ্য এবং কোন মন্তব্যকে ছেঁকে বাদ দেওয়া প্রয়োজন। প্রতিটি নেতিবাচক মন্তব্য নিয়ে পড়ে থাকলে জীবনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।
কাজের দিক থেকেও বেশ ব্যস্ত রয়েছেন তামান্না ভাটিয়া। শেষবার তাঁকে দেখা গিয়েছে ‘দ্য ভ্যান: ফোর্স অফ দ্য ফরেস্ট’ ছবিতে। আগামী দিনে তাঁর হাতে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট। তালিকায় রয়েছে ‘রাগিণী ৩’, ‘রেঞ্জার্স’, ‘পুরুষন’, ‘আইপিএস মারিয়া’ এবং ‘ভি শান্তারাম’-এর মতো কাজ।
সব মিলিয়ে, সৌন্দর্য নিয়ে দীর্ঘদিনের চর্চা ও বিতর্কের মাঝেও নিজের অবস্থান স্পষ্ট রেখেছেন তামান্না। সদগুরুর সঙ্গে তাঁর সাম্প্রতিক কথোপকথন আরও একবার মনে করিয়ে দিল, সৌন্দর্য শুধুমাত্র গায়ের রং কিংবা মুখের গঠনে আটকে থাকে না। মানুষের হাসি, আনন্দ এবং নিজেকে প্রকাশ করার মধ্যেও লুকিয়ে থাকে সৌন্দর্যের আসল পরিচয়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.
