বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ফিনালের আগে প্রতিযোগীদের মধ্যে যেমন নানা সমীকরণ তৈরি হচ্ছে, তেমনই সামনে আসছে একের পর এক চমকপ্রদ মুহূর্ত। কখনও ফাইনালের পর পার্টির পরিকল্পনা, আবার কখনও মধ্যরাতে একান্তে সময় কাটানো। সোমবারের পর্বে জীতু কমল ও সৃজলা গুহকে ঘিরে তৈরি হল নতুন জল্পনা। দু’জনের ঘনিষ্ঠ মুহূর্ত দেখে চুপ থাকতে পারলেন না দুর্নিবার সাহা। শেষ পর্যন্ত কী ঘটল বিগ বসের ঘরে?
সোমবারের পর্বে বিগ বসের বাড়িতে হাজির হয়েছিলেন বেশ কয়েকজন সাংবাদিক ও ইনফ্লুয়েন্সার। তাঁদের সঙ্গে কথোপকথনের সময় মনামী জানান, আগামী ৬ তারিখ ফিনালে শেষ হওয়ার পর প্রতিযোগীরা মিলে একটি গেট-টুগেদারের আয়োজন করবেন। কিন্তু এই পরিকল্পনার কথা শুনে কার্যত অবাক হয়ে যান জীতু কমল ও সৃজলা গুহ। কারণ, এই বিষয়ে তাঁদের আগে থেকে কিছুই জানানো হয়নি।
এরপর নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করেন জীতু ও সৃজলা। জীতু জানান, তিনি নিজের মতো থাকতেই পছন্দ করেন। এমনকী বন্ধুর বাইরে অন্য কারও সঙ্গে বাইরে যাওয়ার বিশেষ আগ্রহ নেই তাঁর। অন্যদিকে, সৃজলাও স্পষ্ট করে দেন, তাঁকে আগে জানানো হলেও তিনি ওই অনুষ্ঠানে যোগ দিতেন না। পরে জানালেও তাঁর সিদ্ধান্ত বদলাবে না।
দিনের ব্যস্ততা ও উত্তেজনা কাটিয়ে রাত বাড়তেই বিগ বসের বাড়িতে দেখা গেল অন্য ছবি। ঘড়িতে তখন রাত ১২টা ৪৫ মিনিট। সোফার পিছনে বসে একান্তে গল্প করছিলেন জীতু ও সৃজলা। সেই সময় দু’জনকে হাতে হাত রেখে কথা বলতে দেখা যায়। কথোপকথনের মাঝে আবেগপ্রবণ হয়ে পড়েন জীতু।
আসলে ‘দাদার দরবার’ পর্বে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে তনুশ্রীর বকুনি খাওয়ার বিষয়টি ভাবাচ্ছিল তাঁকে। জীতুর আশঙ্কা, টেলিভিশনের পর্দায় ওই দৃশ্য দেখে তনুশ্রীর মেয়ের মন খারাপ হতে পারে। সেই কারণেই কিছুটা বিচলিত হয়ে পড়েন অভিনেতা। এমন পরিস্থিতিতে সৃজলাকে তাঁর পাশে দাঁড়াতে দেখা যায়।
জীতুর মন খারাপ বুঝতে পেরে সৃজলা বেশ যত্ন করে তাঁর মাথায় হাত বুলিয়ে দেন। দু’জনের এই মুহূর্ত নজর এড়ায়নি দুর্নিবারের। তিনি সরাসরি গিয়ে বিষয়টি সৌরভকে জানান। এরপর সৌরভ সেই খবর পৌঁছে দেন তনুশ্রীর কাছে। তবে বিষয়টি নিয়ে কোনওরকম আলোচনা করতে চাননি তনুশ্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই প্রসঙ্গে যেন আর কোনও কথা না হয়।
উল্লেখ্য, বিগ বসের বাড়িতে এর আগেও জীতুকে একাধিকবার সৃজলার প্রতি নিজের ভাল লাগার কথা প্রকাশ করতে দেখা গিয়েছে। এমনকী তাঁকে প্রপোজও করেছিলেন অভিনেতা। যদিও সৃজলা একবার সরাসরি সেই প্রস্তাবে না বলে দিয়েছিলেন। তবে ফিনালের আগে তাঁদের এই মধ্যরাতের মুহূর্ত নতুন করে দর্শকদের মনে প্রশ্ন তৈরি করেছে। বন্ধুত্বের বাইরে কি অন্য কোনও সমীকরণ তৈরি হচ্ছে তাঁদের মধ্যে? আপাতত সেই উত্তর খুঁজছেন বিগ বসের দর্শকরা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.
