Arijit Singh: নেপথ্যশিল্পী হিসেবে নিজের যাত্রার সমাপ্তি ঘোষণা করলেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই তথ্য সকলের সাথে ভাগ করে নিয়েছেন তিনি, যা রীতিমতো চমকে দিয়েছে ভক্তদের। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের সাধারণ এক ছেলের বিশ্বজোড়া খ্যাতি পাওয়ার গল্প আজ সকলেরই জানা।
বর্তমানে বলিউড তথা টলিউডে কার্যত রাজত্ব করছেন তিনি। এছাড়াও গেয়েছেন বেশ কিছু আঞ্চলিক ভাষার গানও। তবে সকলকে স্তম্ভিত করে এই শিল্পী লিখেছেন, তিনি নেপথ্যশিল্পী হিসেবে নিজের সফর এখানেই শেষ করছেন।
তিনি লেখেন, “হ্যালো, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে এতো বছর ধরে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে, এখন থেকে আমি নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে আর কোনো নতুন দায়িত্ব গ্রহণ করবো না। আমি এটি বন্ধ করছি। এটি একটি দুর্দান্ত যাত্রা ছিল।”
শিল্পীর এই মন্তব্য দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন অনুরাগীরা। প্রত্যেকের মনে এখন একটাই প্রশ্ন তাহলে কি অন্য কোনো নতুন যাত্রা শুরু করতে চলেছেন তিনি? কারণ, তাঁর বর্তমান বয়স সংগীত জগৎ থেকে বিদায় নেওয়ার মতো নয়।
যদিও ভক্তদের এই কৌতূহলী প্রশ্নের কোনো উত্তর দেননি অরিজিৎ। উল্লেখ্য, কেরিয়ারের শুরুতে তিনি একজন সহকারী হিসেবে কাজ শুরু করেছিলেন এবং তার আগে বেশ কিছু রিয়্যালিটি শো-তে অংশগ্রহণ করেছিলেন। সেখান থেকেই ধাপে ধাপে বিশ্বজোড়া খ্যাতি অর্জন। তবে শেষ পর্যন্ত এই জনপ্রিয় সফরের ইতি টানলেন তিনি।