জনপ্রিয় টেলিভিশন অভিনেতা অর্জুন বিজলানি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন শো ‘চুম্বক’-এর প্রচারে বেরিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার মুখে পড়ে তাঁর গাড়ি। মাঝরাস্তায় গাড়িটি উল্টে গেলেও বরাত জোরে অক্ষত অবস্থায় রক্ষা পান অভিনেতা। গাড়িতে থাকা অন্য যাত্রীরাও নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন অর্জুনের অনুরাগীরা। তবে আপাতত অভিনেতা নিরাপদ ও সুস্থ রয়েছেন বলেই খবর। উল্লেখ্য, তাঁর নতুন শো ‘চুম্বক’ মুক্তির আর মাত্র এক সপ্তাহ বাকি। তার আগেই এমন দুর্ঘটনার খবর স্বাভাবিকভাবেই তাঁর ভক্তদের চিন্তা বাড়িয়েছে।
জানা গিয়েছে, ‘চুম্বক’-এর প্রচারেই ব্যস্ত ছিলেন অর্জুন। সম্প্রতি একটি জনপ্রিয় ভারতীয় গেম শো-তেও নতুন সিরিজের প্রচারে হাজির হয়েছিলেন তিনি। পরিবারকেন্দ্রিক এই শো-তে অর্জুনের সঙ্গে রয়েছেন নীনা গুপ্তা, দেবেন ভোজানি, হেলি শাহ এবং মানসী পারেখের মতো অভিনেতা-অভিনেত্রীরা।
আরও পড়ুন,
৮ বছরের লিভ ইন, দুই সন্তানের জন্মের পর অবশেষে বিয়ে করলেন অর্জুন-গ্যাব্রিয়েলা!
টেলিভিশনের পাশাপাশি রিয়েলিটি শোতেও বেশ পরিচিত মুখ অর্জুন বিজলানি। ‘লাফটার শেফস’-এ তেজস্বী প্রকাশের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের মনোরঞ্জন করেছিলেন তিনি। গত বছর ‘রাইজ অ্যান্ড ফল’ রিয়েলিটি শো-এর ট্রফিও নিজের নামে করেন অভিনেতা। বিজয়ী হিসেবে তিনি ২৮ লক্ষ টাকা নগদ পুরস্কারের পাশাপাশি একটি লাক্সারি হ্যাম্পারও পেয়েছিলেন।
এর আগে ‘ফিয়ার ফ্যাক্টর: খতরন কে খিলাড়ি ১২’, ‘ঝলক দিখলা জা ১০’, ‘ডান্স দিওয়ানে ৪’ এবং ‘খতরন কে খিলাড়ি ১৪’-এর মতো একাধিক রিয়েলিটি শো-তেও অংশ নিয়েছেন অর্জুন। এবার ‘চুম্বক’-এর মাধ্যমে ফের নতুন ভূমিকায় দর্শকদের সামনে আসার অপেক্ষায় ছিলেন তিনি। এর পাশাপাশি শীঘ্রই একটি নেটফ্লিক্সের ওয়েব শোতেও দেখা যাবে তাঁকে।
তবে নতুন শো মুক্তির ঠিক আগে এই দুর্ঘটনার খবর নিঃসন্দেহে অনুরাগীদের জন্য উদ্বেগের। আপাতত অভিনেতা নিরাপদে থাকায় স্বস্তি ফিরেছে তাঁর ভক্তদের মধ্যে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.