মসৃণ ও সুন্দর ত্বক কার না ভালো লাগে! মুখের ত্বক যদি এমন হয় তবে সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। কিন্তু সুন্দর মুখশ্রীতেও যদি ব্রণ হয় তবে সব সৌন্দর্য মাটি। আজকাল অনেকেরই গালে হয় ব্রণ। সাধারণত, তৈলাক্ত ত্বকে ব্রণের সমস্যা বেশি দেখা যায়। আবার কখনও কারোর যদি হরমোনের ভারসাম্য সঠিক না থাকে তবে ব্রণ হতে দেখা যায়। আর এই ব্রণ থেকে বাঁচাতে পারে একটি খুব সাধারণ জিনিস। আর সেটি হলো ওটস্।
ওটস্ খেলে যেমন শরীর ভালো থাকে তেমনই ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে ওটস্-এর জুড়ি মেলা ভার। ওট্সে রয়েছে প্রদাহনাশক উপাদান। ব্রণ কমাতে, র্যাশের ফলে হওয়া জ্বালা, চুলকানি কমাতেও এটি সাহায্য করে।
ব্রণ কমাতে ওটস্-এর ব্যবহার কীভাবে করবেন?
ওটস্-এর স্ক্রাবার থেকে মাস্ক বানিয়ে নিতে পারেন। তার জন্য প্রথমে ১ টেবিল চামচ ওটস্, ২টি কাঠবাদাম একসঙ্গে গুঁড়ো করে নিতে হবে। এরপর সামান্য জল বা দুধ দিয়ে সেটি গুলে মুখে মাখিয়ে নিয়ে হালকা হাতে তা গোল গোল করে ঘষতে হবে। এরপর তা জল দিয়ে ধুয়ে নিন।
মাস্ক হিসেবে ব্যবহার করার জন্য প্রথমে ২ টেবিল চামচ ওট্স গুঁড়ো, ২ টেবিল চামচ টক দই এবং কয়েক ফোঁটা মধুর সঙ্গে মিশিয়ে নিন। এরপর স্ক্রাবিং হয়ে গেলে মাস্কের মিশ্রণটি মুখে মেখে ২০ মিনিট রেখে দিন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
এছাড়া হলুদের সঙ্গে ওটস্ মিশিয়ে মাখতে পারেন। হলুদ রূপচর্চায় বিশেষ জরুরি একটি উপাদান। তাই ২ টেবিল চামচ ওটস্ গুঁড়ো নিয়ে তার সঙ্গে আধ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এরপর এটি জল দিয়ে গুলে মুখে মাখুন ও ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
ত্বকের জন্য আরেকটি ভালো উপাদান হলো অ্যালোভেরা জেল। ২ টেবিল চামচ ওটস্ গুঁড়ো নিয়ে তার সঙ্গে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিয়ে মুখে মাখতে হবে। এরপর ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.