কৌতুক জগতের জনপ্রিয় মুখ ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া সম্প্রতি জীবনের এক নতুন অধ্যায়ে পা রেখেছেন। গত ১৯ ডিসেম্বর দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন ভারতী। ফুটফুটে এক পুত্রসন্তানের আগমনে এখন তাঁদের পরিবারে শুধুই খুশির জোয়ার। সন্তানের জন্মের মাত্র দু’দিন পরেই নিজের অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
সাম্প্রতিক একটি ইউটিউব ভ্লগে ভারতী প্রথমবারের মতো তাঁর নবজাতক ছেলের এক ঝলক দেখান। আদর করে ছেলের নাম রেখেছেন ‘কাজু’। ভিডিওতে দেখা যায়, এক নার্স শিশুটিকে কোলে করে ভারতীর কাছে নিয়ে আসছেন। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ভুল করেননি কৌতুক অভিনেত্রী নিজেই। ছোট্ট মুখের দিকে তাকিয়েই আবেগে চোখ ভিজে ওঠে তাঁর।
ভ্লগে ভারতী জানান, রুটিন সতর্কতামূলক চেকআপের জন্য তাঁর ছেলে তখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিল। কাজুকে কোলে নিয়েই আবেগঘন কণ্ঠে বলেন, “অবশেষে কাজু এসে গেছে। কত মিষ্টি আর আদুরে ও।” তিনি আরও জানান, কিছুক্ষণ আগেই বড় ছেলে গোলা ও স্বামী হর্ষ বাড়ির উদ্দেশে বেরিয়ে গিয়েছিলেন। কাজু যদি একটু আগেই আসত, তাহলে তারাও নতুন সদস্যকে কোলে নিতে পারত।
৪১ বছর বয়সি এই কৌতুক অভিনেত্রী জানান, তাঁর ছোট্ট ছেলে সম্পূর্ণ সুস্থ আছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন সবসময় সে ভালো থাকে। ক্যামেরার সামনেই ছেলেকে আদর করে চুমু খেতে দেখা যায় তাঁকে। দীর্ঘ অপেক্ষার পর সন্তানকে বুকে জড়িয়ে ধরার মুহূর্তে তাঁর চোখে-মুখে স্পষ্ট আনন্দ আর তৃপ্তির ছাপ।
ভ্লগের শেষদিকে ভারতী আবেগভরা কণ্ঠে বলেন, “অবশেষে তুমি আমার কাছে চলে এসেছ। খুব সুন্দর, আদুরে আর একদম সুস্থ বেবি। ঠিক গোলার মতো।” মাতৃত্বের এই নতুন অধ্যায় যে ভারতীর জীবনে এক বিশেষ অনুভূতির জন্ম দিয়েছে, তা তাঁর প্রতিটি কথায় স্পষ্টভাবে ধরা পড়েছে।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.