‘বিগ বস বাংলা’র ঘরে ক্যাপ্টেনশিপ টাস্ককে ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। টাস্কে প্রতিযোগীদের আগ্রাসী মনোভাব ঘিরে ইতিমধ্যেই একাধিক বিতর্ক তৈরি হয়েছে। এরই মধ্যে অভিনেতা জীতু কমলকে ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা।
ক্যাপ্টেনশিপ টাস্ক চলাকালীন সহ-প্রতিযোগী মনামী ঘোষকে ঘোড়া থেকে ফেলে দেওয়ার জন্য জীতু তাঁকে টেনে-হিঁচড়ে মাটিতে ফেলে দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। পর্দায় জীতুর এমন আগ্রাসী আচরণ দেখে নেটমাধ্যমেও শুরু হয় আলোচনা-সমালোচনা। ঘটনাটি নিয়ে এবার মুখ খুললেন জীতুর প্রাক্তন স্ত্রী তথা অভিনেত্রী নবনীতা দাস।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জীতুর গেম ও ওই আচরণ নিয়ে নিজের মতামত জানান নবনীতা। তাঁর বক্তব্য, খেলায় নিজেকে ‘ভিক্টিম’ হিসেবে তুলে ধরার চেষ্টা যখন প্রত্যাশিত ফল দিচ্ছিল না, তখন সেই জমে থাকা রাগ থেকেই জীতুর এমন আচরণ হয়ে থাকতে পারে।
নবনীতার কথায়, “আমি নিজেকে ভিক্টিম প্রজেক্ট করছি, কিন্তু করতে করতে যখন দেখছি যে আমার এই ‘ভিক্টিম কার্ড’ বা জিনিসটা শেষ পর্যন্ত কাজ করছে না বা প্লে হচ্ছে না, তখন সেই জমতে থাকা রাগ থেকেই বোধহয় এমনটা ঘটেছে।” তাঁর মতে, সেই সময় জীতু নিজের মূল গেমের অবস্থান থেকেও কিছুটা সরে গিয়েছিলেন। নিজের যে দাবি-দাওয়া ছিল, সেখান থেকেও তিনি নিজেই সরে এসেছিলেন বলে মন্তব্য করেন নবনীতা।

তবে বিগ বসের ঘরে সম্পর্কের সমীকরণ যে খুব দ্রুত বদলায়, সেটিও মনে করিয়ে দিয়েছেন তিনি। যে মনামীকে ঘিরে টাস্কে এত বিতর্ক তৈরি হয়েছিল, পরবর্তী সময়ে তাঁর সঙ্গেই জীতুর সম্পর্কের সমীকরণ বদলেছে বলে উল্লেখ করেন নবনীতা। ফলে ক্যাপ্টেনশিপ টাস্কের সেই ঘটনা যেমন জীতুর গেম নিয়ে প্রশ্ন তুলেছে, তেমনই বিগ বসের ঘরে প্রতিযোগীদের সম্পর্ক কতটা দ্রুত বদলে যেতে পারে, তা নিয়েও নতুন করে চর্চা শুরু হয়েছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.