Bigg Boss Bangla: ‘বিগ বস বাংলা’-র ঘরে ফের উত্তেজনার পারদ চড়ল। এবার মুখোমুখি রাজবীর দে এবং নন্দিনী দত্ত। বাথরুম এরিয়ায় দু’জনের মধ্যে শুরু হয় তুমুল বাগ্বিতণ্ডা। গেমে একে অপরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ব্যক্তিগত আক্রমণেও জড়িয়ে পড়েন তাঁরা।
ঝামেলার সূত্রপাত হয় রাজবীরের একটি মন্তব্যকে কেন্দ্র করে। দুর্নিবারকে রাজবীর বলেছিলেন, “তুমি কোথাও যাচ্ছ না বস।” এই মন্তব্যের অর্থ নন্দিনী নিজের মতো করে ব্যাখ্যা করেন। তাঁর মনে হয়, রাজবীর হয়তো তাঁকে বিগ বসের ঘর থেকে বেরিয়ে যেতে দেখতেই চাইছেন। এরপরই রাজবীরের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন নন্দিনী।
রেগে গিয়ে নন্দিনী বলেন, রাজবীর তাঁকে গেমে দুর্বল করার চেষ্টা করছেন। তাঁর দাবি, রাজবীর নিজেকে খুব শক্তিশালী খেলোয়াড় মনে করছেন এবং তাঁর আচরণ ‘সেলফিশ’। এমনকি নন্দিনী তাঁকে সেখান থেকে বেরিয়ে যেতেও বলেন। তাঁর বক্তব্য, “তার মানে তুমি আমার চলে যাওয়া ম্যানিফেস্ট করছ।” শুধু তাই নয়, রাজবীরের গেম নিয়েও প্রশ্ন তোলেন নন্দিনী। তাঁর অভিযোগ, রাজবীর খুব অল্পস্বল্প খেলছেন এবং তাঁর বেশ কিছু আচরণই ‘ফেক’। পাল্টা রাজবীরও চুপ করে থাকেননি।
রাজবীরের অভিযোগ, নন্দিনী একদিকে সৃজলা গুহার নামে নানা কথা বলেন, আবার অন্যদিকে তাঁর সঙ্গেই স্বাভাবিকভাবে কথা বলেন। এমনকি ভরত কলের রুটি নিয়ে নন্দিনী তাঁর কাছেই এসে অভিযোগ করেছিলেন বলেও দাবি করেন রাজবীর। এই প্রসঙ্গেই নন্দিনীকে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ এবং ‘দোগলা’ বলে কটাক্ষ করেন তিনি। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দু’জনেই একে অপরকে ‘পাগল’ এবং ‘ছাগল’ বলে আক্রমণ করতে শুরু করেন। নন্দিনী রাজবীরের বিরুদ্ধে ভদ্রতার অভাব এবং অসম্মানজনক আচরণের অভিযোগ তোলেন। পাল্টা রাজবীর তাঁকে নিজের সীমার মধ্যে থাকার পরামর্শ দেন।
এদিকে, ঝামেলার মধ্যে উঠে আসে ‘বয়কট নন্দিনী’ প্রসঙ্গও। অনুষ্কা ঘরে এসে জানান, সোশ্যাল মিডিয়ায় নাকি ‘বয়কট নন্দিনী’ ট্রেন্ড চলছে। নন্দিনীর দাবি, এই খবর শুনে রাজবীরও কিছুটা চিন্তিত হয়ে তাঁর কাছে জানতে চেয়েছিলেন, তাঁর বিরুদ্ধে দর্শকদের প্রতিক্রিয়া খারাপ হচ্ছে কি না। যদিও রাজবীরের বক্তব্য, তিনি ভয় পাননি, বরং পরিস্থিতি নিয়ে কিছুটা ধন্দে ছিলেন। ঝগড়ার শেষ পর্যায়ে নন্দিনীকে ‘নাগিন’ বলেও কটাক্ষ করেন রাজবীর। ফলে তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে এই তুমুল ঝামেলার পরেও গল্পে রয়েছে বড় মোড়। রবিবারের পর্বে সঞ্চালক সৌরভ গাঙ্গুলির সামনে দেখা যায়, রাজবীর ও নন্দিনীর মধ্যে ফের স্বাভাবিক কথাবার্তা শুরু হয়েছে। অর্থাৎ ঝগড়ার রেশ বেশিক্ষণ স্থায়ী হয়নি। এখন দেখার, এই মুহূর্তের মিটমাট কি সত্যিই তাঁদের সম্পর্কের উন্নতি ঘটায়, নাকি পরের দিনই ফের নতুন করে সংঘাত শুরু হয়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.
