Bigg Boss Bangla: ‘বিগ বস বাংলা’-র ঘরে ফের চড়েছে উত্তেজনার পারদ। কখনও বন্ধুত্ব, কখনও প্রেম, আবার কখনও ভুল বোঝাবুঝি— প্রতিদিনই বদলে যাচ্ছে প্রতিযোগীদের সম্পর্কের সমীকরণ। এবার জীতু কামালকে কেন্দ্র করে তুমুল ঝামেলায় জড়ালেন রাজবীর দে ও নন্দিনী দত্ত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে রাজবীরকে কার্যত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলেন নন্দিনী।
ঘটনার সূত্রপাত জীতুর সঙ্গে রাজবীরের বন্ধুত্বকে কেন্দ্র করে। নন্দিনী রাজবীরকে স্পষ্ট জানিয়ে দেন, জীতুর সঙ্গে যদি তিনি বন্ধুত্ব বজায় রাখেন, তাহলে তাঁর সঙ্গে আর সম্পর্ক রাখা সম্ভব নয়। এমনকি রাজবীরকে উদ্দেশ করে নন্দিনী বলেন, “জীতু আর আমার মধ্যে যেকোনও একজনকে বেছে নাও!”
তবে নন্দিনীর এই শর্ত মেনে নিতে রাজি হননি রাজবীর। তিনি জানান, কারও সঙ্গে বন্ধুত্ব ভেঙে দেওয়ার মতো সিদ্ধান্ত তিনি নেবেন না। জীতুর সঙ্গে তাঁর সম্পর্কও তিনি নষ্ট করতে চান না। রাজবীরের এমন জবাবে গভীরভাবে আঘাত পান নন্দিনী। আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি এবং রাজবীরের থেকে দূরত্ব তৈরির সিদ্ধান্ত নেন। যদিও পরবর্তী সময়ে দু’জনের মধ্যে ফের মিটমাট হয়ে যায়।
এর মধ্যেই নতুন করে অশান্তিতে জড়িয়ে পড়েন নন্দিনী ও ওয়াইল্ড কার্ড প্রতিযোগী অনুষ্কা ঘোষ। তর্কাতর্কির একপর্যায়ে ব্যক্তিগত আক্রমণের দিকে চলে যায় তাঁদের কথাবার্তা। অনুষ্কা নন্দিনীকে উদ্দেশ করে তাঁর পরিবারের প্রসঙ্গ তুলে কটূক্তি করেন। পালটা নন্দিনীও অনুষ্কার পরিবার নিয়ে মন্তব্য করেন। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাগের মাথায় নন্দিনীর ব্যাগ ও জামাকাপড় টেনে হিঁচড়ে ছুড়ে ফেলেন অনুষ্কা। বিষয়টি দেখে প্রতিবাদ করেন জীতু কামাল ও রাজবীর। অভিনেতা ভরত কলও অনুষ্কাকে সতর্ক করে বলেন, কারও বাবা-মাকে টেনে এনে এভাবে কথা বলা উচিত নয়।
তবে পরিস্থিতি সামলাতে গিয়ে আরও বিপাকে পড়েন জীতু ও রাজবীর। অনুষ্কার ওপর ক্ষোভ থাকলেও নন্দিনী একপর্যায়ে তাঁদের দু’জনের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন। রাজবীর পরিস্থিতি হালকা করার চেষ্টা করলে তাঁর কথাও ভুলভাবে নেন নন্দিনী। রাগের মাথায় জীতু ও রাজবীর দু’জনকেই ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ করেন তিনি। পরে ওয়াশরুম এলাকায় গিয়ে নন্দিনীকে শান্ত করার চেষ্টা করেন রাজবীর। তিনি বোঝান, জীতু তাঁকে নিজের বোনের মতো স্নেহ করেন। পাশাপাশি অনুষ্কা যখন নন্দিনীর জামাকাপড় ছুড়ে ফেলছিলেন, তখন তিনিই প্রথম এগিয়ে এসে প্রতিবাদ করেছিলেন বলেও মনে করিয়ে দেন রাজবীর।
জীতুকে কেন্দ্র করে ফের এক দফা বচসা হলেও শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়। পুরনো অভিমান ভুলে ফের কাছাকাছি আসেন রাজবীর ও নন্দিনী। তবে তাঁদের সম্পর্কের এই টানাপোড়েন আগামী দিনে ‘বিগ বস বাংলা’-র খেলায় কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.